আজকের দিনেখেলাবিশ্ব

World Cup-Iran : বিশ্বকাপের ৪৮ ঘণ্টা আগে বড় ধাক্কা: ইরানি সমর্থকদের টিকিট বাতিল, ক্ষুব্ধ তেহরান !

ভালোবাসা ছড়িয়ে দাও

বিশ্বকাপের ৪৮ ঘণ্টা আগে বড় ধাক্কা: ইরানি সমর্থকদের টিকিট বাতিল, ক্ষুব্ধ তেহরান

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- FIFA World Cup 2026 শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে বিতর্ক। ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ সব টিকিট বাতিল করল ফিফা। ইরান ফুটবল সংস্থার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপেই এই সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে আমেরিকার কড়া অবস্থানের জেরে গ্যালারিতে বঞ্চিত হতে চলেছেন হাজার হাজার ইরানি ফুটবলপ্রেমী।

২০২৬ ফুটবল বিশ্বকাপ বসছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে দু’দিন পরেই। অথচ এখনও অনিশ্চয়তা কাটেনি ইরানকে ঘিরে। একটা সময় পর্যন্ত ইরান আদৌ ভিসা পাবে কিনা, তা নিয়েই সংশয় ছিল। পরে ফুটবলার ও কোচিং স্টাফদের ভিসা মিললেও বহু সাপোর্ট স্টাফের ভিসা আটকে দেয় ওয়াশিংটন। এবার কোপ পড়ল সমর্থকদের ওপর। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে দুই দেশের সমর্থকদের জন্য নির্দিষ্ট সংখ্যার টিকিট বরাদ্দ থাকে। ইরান ফুটবল সংস্থা জানিয়েছে, তাদের বহু সমর্থক ইতিমধ্যেই টিকিট কেটে আমেরিকায় পৌঁছে গিয়েছেন। কিন্তু শেষবেলায় ফিফা সেই সব টিকিট বাতিল করে দিয়েছে। সংস্থার প্রশ্ন, “যারা হাজার হাজার ডলার খরচ করে আমেরিকায় এসেছেন, তাঁরা এখন কীভাবে খেলা দেখবেন?” তেহরানের সাফ অভিযোগ, নিরাপত্তার অজুহাতে আমেরিকার চাপেই ফিফা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এতে বিশ্বকাপের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। কিন্তু মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে, ইরান দলকে বেসক্যাম্প করতে হবে মেক্সিকোয়। ম্যাচের দিন সকালে আমেরিকায় ঢুকবে দল, আর ম্যাচ শেষের ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে হবে। ওয়াশিংটনের যুক্তি, বিশ্বকাপের আছিলায় যেন ইরান কোনওভাবে নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে না পারে। ফিফা এখনও সরকারিভাবে টিকিট বাতিলের কারণ জানায়নি। ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম দফাতেই ইরান থেকে রেকর্ড আবেদন জমা পড়েছিল।

মাঠে ১১ জন নামলেও গ্যালারি থেকে ইরানি ফুটবল সমর্থকদের চিৎকার শোনা যাবে না। যুদ্ধ, রাজনীতি আর কূটনীতির জটে আটকে গেল ফুটবলের উন্মাদনা। ৪৮ দলের বিশ্বকাপে ‘সবার জন্য ফুটবল’ স্লোগান কি শুধুই কথার কথা হয়ে থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *