আজকের দিনেখেলাভারত

Virat Kohli : জল্পনার ইতি টানলেন কিং কোহলি — ‘টেস্ট অধ্যায় শেষ, আর ফিরছি না’ !

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি – এক বছরের বেশি সময় হল টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই, খেলেন শুধু ওয়ানডে। সাদা জার্সিতে তাঁকে আবার দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন বিরাট। স্পষ্ট জানিয়ে দিলেন, টেস্ট থেকে পুরোপুরি অবসর নিয়েছেন তিনি ।

সম্প্রতি দিল্লিতে কোহলির সংস্থা ‘ওয়ান৮’-এর একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে সংস্থার তৈরি একটি জুতোর দাম রাখা হয়েছে ৯২৩০ টাকা। ঘটনাচক্রে, টেস্টে কোহলির রানসংখ্যাও ওটাই। অনুষ্ঠানের সঞ্চালক দানিশ সৈত মজা করে প্রশ্ন করেন, জুতোর দামের সঙ্গে রানের মিল কি টেস্টে ফেরার ইঙ্গিত? হাসতে হাসতে বিরাটের উত্তর, “দরকার হলে আমি কম দামেও বিক্রি করতে রাজি। কিন্তু টেস্ট থেকে পুরোপুরি অবসর নিয়েছি।”

মাস খানেক আগে এক সাক্ষাৎকারে টেস্ট কেরিয়ার নিয়ে কথা বলেছিলেন কোহলি। জানান, “অনেক দিন টেস্ট খেলেছি। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। বেশ কিছু দুর্দান্ত জয় পেয়েছিলাম আমরা। আমার মনে হয়, আমাদের টেস্ট ক্রিকেটের একটা সোনালি অধ্যায় ছিল সেটা।” তরুণ দল নিয়ে সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন আমাদের দলে এমন সব তরুণ ক্রিকেটার ছিল, যারা টেস্ট ক্রিকেট খেলতে চাইত। চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা— সকলের বয়স ছিল কুড়ির ঘরে। আমরা দায়িত্ব, অভিজ্ঞতা সব ভাগ করে নিতাম। বিদেশের মাটিতেও আমরা প্রচুর সাফল্য পেয়েছি।”

দলের বন্ডিং নিয়েও মুখ খোলেন প্রাক্তন অধিনায়ক। “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের দলে সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের মধ্যে বয়সের বেশি তফাত ছিল না। সকলেই শুরুর দিকে সিনিয়রদের সঙ্গে খেলেছি। পরে জুনিয়রদের সঙ্গেও আমরা বন্ধুর মতো মেশার চেষ্টা করেছি। কয়েক জন মিলে দল চালাবে এমন কোনও ব্যাপার ছিল না। সকলে দায়িত্ব নিত। আমরা নিজেদেরই প্রশ্নের মুখে ফেলতাম কী করে আরও ভাল পারফর্ম করা যায়।” ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে মহেন্দ্র সিংহ ধোনির চোটের কারণে প্রথম বার টেস্ট অধিনায়কত্ব পান কোহলি।

জুতোর দাম আর টেস্ট রানের কাকতালীয় মিল ঘিরে ফেরার জল্পনা তৈরি হলেও, কোহলি নিজেই তাতে জল ঢেলে দিলেন। সাদা জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা যে নেই, সেটা স্পষ্ট করে দিলেন বিরাট। আপাতত ওয়ানডেতেই মন দিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *