আজকের দিনেগরম মাশলা

বাচ্চাদের জন্য ফলের জাদু: ঘরেই বানান স্বাস্থ্যকর এই ক্যান্ডি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তীব্র গরমে বাচ্চারা সাধারণত ফল খেতে অনীহা প্রকাশ করে। তাদের কথা মাথায় রেখে জাম ও ড্র্যাগন ফ্রুটের পুষ্টিকর,আর চটকদার একটি  ‘ক্যান্ডি’-র দারুণ রেসিপি দেওয়া হলো। কৃত্রিম রং বা চিনি ছাড়াই তৈরি এই স্বাস্থ্যকর ক্যান্ডি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর।

প্রয়োজনীয় উপকরণ

  • তাজা জাম: ৫০০ গ্রাম

  • ড্র্যাগন ফ্রুট: ২টি

  • সুগার-ফ্রি সুইটনার: ১ বড় চামচ

  • চিয়া সিডস: ৩ বড় চামচ

  • পাতিলেবুর রস: ১টি

  • আগার-আগার পাউডার: ১ ছোট চামচ

তৈরির পদ্ধতি

১. ফল প্রস্তুত করা: প্রথমে জামগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে বীজ ছাড়িয়ে শাঁস আলাদা করে নিন। অন্যদিকে ড্র্যাগন ফ্রুটের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখুন।

২. ব্লেন্ড করা: এবার জামের শাঁস এবং কাটা ড্র্যাগন ফ্রুটের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ ও ঘন মিশ্রণ তৈরি করে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণে ফলের কোনো বড় দানা বা টুকরো না থাকে।

৩. মিশ্রণ রান্না: ব্লেন্ড করা মিশ্রণটি একটি প্যানে ঢেলে মাঝারি আঁচে জ্বাল দিন। এতে একে একে সুগার-ফ্রি সুইটনার, চিয়া সিডস, লেবুর রস ও আগার-আগার পাউডার মিশিয়ে নিন। হালকা থেকে মাঝারি আঁচে ৫-৭ মিনিট অনবরত নাড়তে থাকুন।

৪. সেট করা: মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। এবার মিশ্রণটি একটি সিলিকন গামি মোল্ড অথবা চারকোণা ট্রের ওপর মোটা লেয়ার করে সমানভাবে ছড়িয়ে দিন। এরপর এটি পুরোপুরি সেট হওয়ার জন্য ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

কেন এই ক্যান্ডি পুষ্টিকর?

  • ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম ড্র্যাগন ফ্রুটে ৩.১ গ্রাম ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে। এছাড়া এতে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফোলেট ও ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে।

  • স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট অনুযায়ী, ১০০ গ্রাম জাম থেকে দৈনিক চাহিদার প্রায় ১০% ভিটামিন সি, ১.৬% ভিটামিন এ এবং ৪.৭% ভিটামিন কে পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *