Cricket : চোট লুকিয়ে খেলানোর মাশুল, টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতীয় দল থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। প্রথমে আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে নাম থাকলেও, শেষ মুহূর্তে চোটের কারণে বাদ পড়লেন কেকেআরের রহস্য স্পিনার। তাঁর জায়গায় দলে ডাক পেলেন প্রিন্স যাদব। উঠছে প্রশ্ন— আইপিএলে চোট নিয়েও কেকেআরের হয়ে খেলানোর ‘গোয়ার্তুমি’ই কি কাল হল বরুণের?
২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল নাইট স্পিনার বরুণ চক্রবর্তীকেও। কিন্তু এদিন বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না তিনি।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘বরুণ চক্রবর্তী এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন। আইপিএলে বাঁ-পায়ে চোট পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন না।’
বরুণের চোটের সূত্রপাত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে। সেখানেই গোড়ালিতে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ হয় তাঁর। চোট এতটাই গুরুতর ছিল যে ব্রেস লাগিয়ে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছিল। সেই কারণে একটি ম্যাচে তাঁকে বসানোও হয়।
কিন্তু প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া ছিল কেকেআর। তাই পরের ম্যাচেই ঝুঁকি নিয়ে বরুণকে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, পুরো চার ওভার বলও করানো হয় তাঁকে। তখনই ক্ষুব্ধ হয়েছিল বিসিসিআই। কারণ বরুণ জাতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার। বোর্ডের অনুমতি ছাড়া ফ্র্যাঞ্চাইজি নিজের স্বার্থে চোট থাকা ক্রিকেটারকে খেলাতে পারে না।
অনেকের মতে, কেকেআরের সেই ‘গোয়ার্তুমি’রই মাশুল দিতে হচ্ছে এখন। চোট আরও বাড়ায় আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। রিহ্যাব শেষ করে কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
বরুণের অনুপস্থিতিতে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রবি বিষ্ণোই। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। এই সিরিজ বিষ্ণোইয়ের কাছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ। অন্যদিকে, বরুণের জায়গায় সুযোগ পাওয়া প্রিন্স যাদবের কাছেও এটি সোনালি সুযোগ।
আইপিএলে ফ্র্যাঞ্চাইজির স্বার্থ বনাম জাতীয় দলের স্বার্থ— এই পুরনো বিতর্ক ফের উসকে দিল বরুণ চক্রবর্তীর ছিটকে যাওয়া। চোট লুকিয়ে বা ঝুঁকি নিয়ে খেলানোর পরিণতি কী হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইলেন কেকেআরের এই রহস্য স্পিনার। আপাতত রিহ্যাবে থাকা বরুণের দ্রুত সুস্থতা কামনা করছে ক্রিকেটমহল।
