মহারাষ্ট্রে শিব সেনায় নতুন ভাঙন! উদ্ধব শিবিরে চাপে বাড়াচ্ছে ‘অপারেশন টাইগার’
কিউ ইন্ডিয়া বাংলা, মহারাষ্ট্র :- মহারাষ্ট্রের রাজনীতিতে শিব সেনাকে ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। একনাথ শিণ্ডের নেতৃত্বে শিব সেনার ভাঙনের পর এবার উদ্ধব ঠাকরের শিবির থেকে আরও ৬ জন সাংসদের দলবদলের সম্ভাবনা রাজনৈতিক মহলে। সূত্রের দাবি,সোমবার আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হতে পারে।
মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দলের সমস্ত বিধায়ক ও বিধান পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন উদ্ধব ঠাকর। দুপুর আড়াইটে নাগাদ শিব সেনার দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের ভিতরে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যৎ নির্ধারণই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
এদিকে দলবদল নিয়ে বিজেপি-শিব সেনা জোট শিবিরে আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানিয়েছেন, ” ‘অপারেশন সফল’ এবং যাঁদের আত্মসমীক্ষার প্রয়োজন, তাঁদের সেই কাজ করা উচিত”।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত শিব সেনার সংসদীয় বৈঠকে দলের সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দলীয় হুইপ জারি থাকা সত্ত্বেও অধিকাংশ সাংসদ বৈঠকে অনুপস্থিত থাকেন। বিশেষ করে ছয়জন সাংসদের অনুপস্থিতি দলীয় নেতৃত্বে দলবদলের সম্ভাবনা আরও জোরালো হয়ে ওঠে।
এরপরই শনিবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই সাংসদদের শোকজ নোটিস পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, কেন তারা দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং ২৪ ঘন্টার মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই এই ছয় সাংসদ শিণ্ডে শিবিরে যোগ দেন, তাহলে তা উদ্ধব ঠাকরের জন্য বড় ধাক্কা হবে।
