আজকের দিনেতিলোত্তমা

ডিম-আতঙ্কে কালীঘাটে ‘ভিউ কাটার’, রাতেই ২০ নিরাপত্তারক্ষী প্রত্যাহার, মমতার বাড়ি ঘিরে চরম উত্তেজনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীর উপর ডিম হামলার ঘটনা ঘটছে। বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও। এই আবহেই বুধবার সকালে বদলে গেল কালীঘাটের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বসানো হল ‘ভিউ কাটার’। আর রাত নামতেই লালবাজারের নির্দেশে প্রত্যাহার করা হল ২০ জন নিরাপত্তারক্ষীকে। মুহূর্তে উত্তেজনা ছড়াল হরিশ চ্যাটার্জী স্ট্রিটে।

বিগত সময়ে নিরাপত্তার ঘেরাটোপে থাকত হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়ি। আজ সেই বাড়িই কার্যত নিরাপত্তাহীন। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেও নিরাপত্তা সরানো হয়েছিল।

বুধবার সকালে মমতার বাড়ির উঠোনে ‘ভিউ কাটার’ বসানো হয়। ডিম হামলা ঠেকাতেই এই পদক্ষেপ কি না, উঠছে প্রশ্ন। এরই মধ্যে রাতে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ভিডিও বার্তায় জানান, মমতার বাড়ি থেকে ২০ জন নিরাপত্তারক্ষীকে সরিয়ে নিয়েছে লালবাজার। পরিবর্তে তিনজন অপরিচিত রক্ষী পাঠানো হলেও তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন।

ডেরেকের আশঙ্কা, এতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাঁর অভিযোগ, বাংলায় ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ চলছে। সাংসদ সাগরিকা ঘোষও এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন, গভীর রাতে কেন দীর্ঘদিনের কর্মীদের সরিয়ে মমতাকে নিরাপত্তাহীন করা হল।

এই খবর ছড়াতেই রাতেই কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কর্মী-সমর্থকরা। নিজেরাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন তাঁরা।

সকালের ‘ভিউ কাটার’ থেকে রাতের নিরাপত্তারক্ষী প্রত্যাহার, কালীঘাটকে ঘিরে টানটান নাটক চলছে। ডিম হামলার আতঙ্কের মাঝেই নিরাপত্তা সরানো নিয়ে সরব তৃণমূল শিবির। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরাসরি লালবাজারকে নিশানা করছেন সাংসদরা। সবমিলিয়ে হরিশ চ্যাটার্জী স্ট্রিট এখন রাজ্য রাজনীতির নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *