আজকের দিনেবাংলার আয়না

পবিত্র ও শিউলি করের ইস্তফার পর নন্দীগ্রামে প্রধান হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নন্দীগ্রাম :- দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল জট। নন্দীগ্রামের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হলেন বিজেপি সদস্য রাধাকান্ত দাস। বুধবার সর্বসম্মতিক্রমে তাঁকে প্রধান হিসাবে বেছে নেন সদস্যরা। পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলি করের ইস্তফার পর থেকেই শূন্য ছিল প্রধানের পদ।

ভোটের পর থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। বয়াল ১ গ্রাম পঞ্চায়েতেও পড়েছিল সেই আঁচ। বিজেপির সদস্য ছিলেন পবিত্র কর, আর প্রধান ছিলেন তাঁর স্ত্রী শিউলি কর। বিধানসভা ভোট ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পবিত্র। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হন তিনি।

ভোটের ফল ঘোষণার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নন্দীগ্রাম-২ ব্লকের বিডিওর কাছে ইস্তফা দেন পবিত্র কর ও প্রধান শিউলি কর। সেই থেকে প্রধানশূন্য হয়ে পড়ে বয়াল ১ পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে প্রধান নির্বাচন নিয়ে জটিলতা চলছিল।

অবশেষে বুধবার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধান নির্বাচনে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রতীকে জয়ী উপ-প্রধান মুরশিদা বিবি, নির্দলে জয়ী বাসন্তী দাস এবং বিজেপির প্রতীকে জয়ী সদস্যরা। প্রত্যেকেই বিজেপির রাধাকান্ত দাসকে প্রধান হিসাবে মেনে নেন। কোনও বিরোধিতা ছাড়াই সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তিনি।

প্রধান নির্বাচিত হওয়ার পর রাধাকান্ত দাস জানান, স্বচ্ছভাবে এবং সবার জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। পবিত্র কর দম্পতির ইস্তফার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন প্রধান নির্বাচনের মাধ্যমে তার অবসান হল। রাজনৈতিক পালাবদলের ‘এপিক সেন্টার’ নন্দীগ্রামের এই পঞ্চায়েতে এবার উন্নয়নের কাজ কতটা গতি পায়, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *