অধিক স্ক্রিন টাইমে চোখের ক্ষতি ! সহজ কিছু যোগব্যায়ামেই প্রতিরোধ করুন
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: আজকের স্ক্রিননির্ভর জীবনে ছোটো থেকে বড়ো কমবেশী সকলেই চোখের সমস্যায় ভুগছে। টিভি, মোবাইল,ল্যাপটপ – দিনের বেশিরভাগ সময়ই চোখ ব্যস্ত থাকে। এই ইলেকট্রনিক্সগুলো থেকে বেরোনো রেডিয়েশন আমাদের চোখ কে ভীষণ ভাবে ক্ষতি করে। এর ফলে যে সমস্যা তৈরি হয়, তাকে বলা হয় ডিজিটাল আই স্ট্রেন। এতে চোখ জ্বালা করা, জল পড়া, মনোযোগে সমস্যা, এমনকী মাথাব্যথাও হতে পারে। যা ভবিষ্যতে দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে।
অনেক ক্ষেত্রে চোখের ক্লান্তি বা চাপের জন্যই দৃষ্টির সমস্যা বাড়ছে বলে মনে হয়। সঠিক যত্ন নিলে এই অস্বস্তি কমানো সম্ভব, আর এখানেই চোখের যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
চোখের জন্য যোগব্যায়াম মূলত পেশি শিথিল করা, রক্তসঞ্চালন বাড়ানো এবং মানসিক চাপ কমানোর উপর জোর দেয়। এটি চোখ কে আরাম দেয়। নিয়মিত করলে চোখের ক্লান্তি এবং প্রাথমিক সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকে।
ব্যায়মগুলি কি কি?
পামিং
একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি। হাত ঘষে গরম করে তা আলতোভাবে বন্ধ চোখের উপর রাখলে চোখ দ্রুত আরাম পায়। এতে অপটিক নার্ভ শিথিল হয় এবং চোখের চাপ কমে। দিনে কয়েকবার করলে তাৎক্ষণিক আরাম অনুভব করা যায়।
ব্লিঙ্কিং
এটি খুব সাধারণ হলেও অত্যন্ত প্রয়োজনীয়। আমরা স্ক্রিনে তাকিয়ে থাকলে কম পলক ফেলি। দ্রুত কয়েকবার পলক ফেলে চোখ বন্ধ করে বিশ্রাম দিলে চোখ আর্দ্র থাকে এবং শুষ্কতা কমে।
আই রোলিং
চোখের পেশি সচল রাখতে সাহায্য করে। ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে চোখ ঘোরালে পেশির জড়তা কমে। এটি চোখকে নমনীয় রাখে এবং দীর্ঘক্ষণ একদিকে তাকিয়ে থাকার ক্ষতি কমায়।
ফোকাস শিফটিং
কাছে থাকা কোনও বস্তুতে তাকিয়ে তারপর দূরের দিকে তাকানো- এই অভ্যেস চোখের জন্য খুব উপকারী। এটি চোখের ক্লান্তি কমাতে সাহায্য করে।
ফিগার এইট
এই ব্যায়ামে চোখ দিয়ে একটি কাল্পনিক আটের আকৃতি আঁকা হয়। এটি চোখের সমন্বয় উন্নত করে এবং দৃষ্টির নিয়ন্ত্রণ বাড়ায়। নিয়মিত করলে চোখের গতিশীলতা বাড়ে এবং মনোযোগও উন্নত হয়।
ত্রাটক
এটি একটি প্রাচীন যোগপদ্ধতি, যেখানে একটি স্থির আলো বা মোমবাতির দিকে তাকিয়ে থাকা হয়। এটি শুধু চোখের জন্য নয়, মনোযোগ বাড়াতেও সাহায্য করে। তবে চোখ ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া জরুরি।
প্রতিদিন ১০-১৫ মিনিট এই ব্যায়ামগুলো করলেই যথেষ্ট। পাশাপাশি প্রতি ২০ মিনিটে ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকানোর অভ্যেস চোখকে বিশ্রাম দেয়। এই ছোট ছোট অভ্যেসই বড় উপকার এনে দিতে পারে।
