নামখানায় বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে !
কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি:- আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের দুই দফায় বিধানসভার ভোটগ্রহণ হবে। তৃণমূল থেকে বিজেপি সকলেই জোরদার প্রচারে নেমে পড়েছে। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে । ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা যায়। এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি দুই দলের কর্মীরা।
সূত্রের খবর নামখানা এলাকায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি এবং তা পূরণ করছিলেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ভাগ এই অন্নপূর্ণা ভাণ্ডার যেখানে মাসিক ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে বলা হয়েছে । নামখানা এলাকায় যখন বিজেপি কর্মীরা এই ফরম পূরণ করার ছিলেন তখন এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন । পরিস্থিতির দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে । দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে । সাগর বিধানসভা এলাকার বিজেপি নেতার সুমন্ত মন্ডল এর উপস্থিতিতে এই ফর্ম পূরণ করা হচ্ছিল বলে অভিযোগ । শাসক তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির এক নেতা এই প্রসঙ্গে বলেন ” তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে। এই কারণে আজ তারা আচমকা আমাদের ওপর আক্রমণ করে। ” । ঘটনায় তৃণমূল এর পক্ষ থেকে বলা হয় “বিজেপি পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করেছে। নির্বাচনের প্রাক্কালে এমনটা করা যায় না। সরকারে এসে তার একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে এটা করতে হয়। যেমনটা আমাদের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে। আজ সকালে একটি বাড়িতে বিজেপির পক্ষ থেকে ফর্ম পূরণ করতে যাওয়া হয় সেখানে আমাদের ছেলেরা জিজ্ঞাসাবাদ করে। বিজেপির সঙ্গে আমাদের ছেলেদের ঠেলাঠেলি হয় পরবর্তীকালে পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ” ।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পুরো ঘটনার উপর নজর রাখছে।
