Tarakeswar-Modi : কাশীর আদলে সাজবে তারকেশ্বর, ২০ জুন প্রকল্পের সূচনায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী !
কিউ ইন্ডিয়া বাংলা:- কাশী বিশ্বনাথ মন্দিরের ধাঁচে এবার সেজে উঠবে হুগলির শৈবতীর্থ তারকেশ্বর। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে মন্দির চত্বরের সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বর এসে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিধানসভা ভোটের প্রচারে ধনেখালিতে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, কাশী বিশ্বনাথের আদলে তারকেশ্বরকে সাজানো হবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে।
কয়েকদিন আগেই তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মন্দির চত্বরকে নবরূপে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। দুধপুকুরের দেওয়ালের রং বদলের পরামর্শও দিয়েছেন তিনি।
তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ জানান, ‘মন্দিরের উন্নয়নে সরকার যা করবে, আমরা তাতে সহযোগিতা করব।’ পুরোহিত মণ্ডলীর কর্তা প্রদ্যুৎ চট্টোপাধ্যায় বলেন, ‘শ্রাবণী ও চৈত্র মেলায় লক্ষ লক্ষ ভক্ত আসেন। কাশীর মতো সাজাতে পারলে সবারই উপকার হবে। প্রধানমন্ত্রী আসছেন, বড় কিছু ঘোষণার আশায় আছি।’
আর এক পুরোহিত বলরাম চক্রবর্তীর কথায়, ‘আগামী দিনে তারকেশ্বরের আকর্ষণ আরও বাড়বে। সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক কিছু পরিবর্তন হলেও আমরা চাই, তারকেশ্বর সেজে উঠুক।’
তারকেশ্বর পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শৈবতীর্থ। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। বিশেষ করে শ্রাবণ ও চৈত্র মাসে ভিড় উপচে পড়ে। কাশী বিশ্বনাথ করিডরের মতো পরিকাঠামো উন্নয়ন হলে তীর্থযাত্রীদের সুবিধা বাড়বে এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে প্রশাসন।
২০ জুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ও প্রকল্প সূচনার দিকে তাকিয়ে তারকেশ্বর। কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে কাশীর আদলে তারকেশ্বর নতুন রূপ পেলে তা শুধু ধর্মীয় নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে।
