আবার বাংলায় আসছেন অমিত শাহ, ব্যারাকপুরে জনসভা
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। আগামী ৩১ জানুয়ারি ব্যারাকপুরে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই সভাস্থল ঘিরে প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এটি চলতি বছরে অমিত শাহের তৃতীয় বাংলা সফর। এর আগে একাধিকবার রাজ্যে এসে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। বিজেপির তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজেপি সূত্রের দাবি, জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একাধিক ইস্যুতে আক্রমণ শানাতে পারেন অমিত শাহ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার সম্ভাবনাও রয়েছে। সভার আগে ও পরে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন তিনি।
এদিকে অমিত শাহের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা আক্রমণের সুর শোনা যাচ্ছে। সব মিলিয়ে অমিত শাহের এই ব্যারাকপুর সভাকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।
