আজকের দিনেতিলোত্তমাযেদিকে দু-চোখ যায়রাজনীতি

Ashwini Vaishnav-Metro : ‘কলকাতার মেট্রো আটকে রেখেছিল মমতার সরকার’, চিংড়িঘাটায় দাঁড়িয়ে বিস্ফোরক অশ্বিনী বৈষ্ণব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দেড় বছর প্রশাসনিক জটে আটকে থাকার পর মাত্র ১২০ ঘণ্টায় চিংড়িঘাটায় মেট্রোর কাজ শেষ করেছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অভিযোগ, ‘কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও উন্নয়ন আটকে রেখেছিল মমতার সরকার।’

ইস্টার্ন বাইপাসের ব্যস্ত চিংড়িঘাটা মোড়ে রাস্তা বন্ধ করলে যাত্রী-ভোগান্তি হবে, এই যুক্তিতে দেড় বছর ধরে মেট্রোর কাজের ছাড়পত্র দেয়নি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টও রাজ্যকে কাজের অনুমতি দিতে নির্দেশ দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, উন্নয়ন আটকে রাখা যাবে না। অভিযোগ, তার পরেও তৎপর হয়নি আগের সরকার।

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অগ্রাধিকারের ভিত্তিতে চিংড়িঘাটায় কাজের অনুমোদন দেয়। এর পরই মেট্রো কর্তৃপক্ষ তৎপর হয়ে পাঁচ দিনেই আটকে থাকা কাজ শেষ করে। এই সময় যান চলাচল নিয়ন্ত্রিত হলেও শহর স্তব্ধ হয়নি। পুলিশ দক্ষতার সঙ্গে ঘুরপথে যান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কলকাতা মেট্রোর কাজ শুরু হয় ১৯৭২ সালে। পরের ৪২ বছরে মাত্র ২৮ কিমি কাজ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গত ১২ বছরে ৪৫ কিমি কাজ হয়েছে। প্রধানমন্ত্রী প্রথম থেকেই কলকাতা মেট্রোয় গুরুত্ব দিয়েছেন, কিন্তু আগের সরকার বারবার বাধা দিয়েছে।’

চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে রাখা নিয়ে আগেই সমালোচিত হয়েছে পূর্বতন সরকার। এমনকি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র অরূপ চক্রবর্তীও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ইস্যুতে আগের সরকারের সমালোচনা করেছেন।

রেলমন্ত্রীর সফর ও মন্তব্যের পর চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। দেড় বছর আটকে থাকা কাজ পাঁচ দিনে শেষ হওয়ায় ‘সদিচ্ছা থাকলে উন্নয়ন আটকায় না’— এই বার্তাই দিতে চাইছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *