আজকের দিনেতিলোত্তমা

তৃণমূল আমলের জট কাটিয়ে পুলিশ সংস্কারে শুভেন্দু, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল আমলে ‘দলদাস’ তকমা ঘোচাতে মরিয়া নতুন সরকার। পুলিশের দক্ষতা বাড়াতে ও আধুনিকীকরণের লক্ষ্যে বুধবার নবান্নে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর করল রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে এই চুক্তি সম্পন্ন হয়।

তৃণমূল সরকারের আমলে রাজ্য পুলিশের বিরুদ্ধে বারবার শাসক শিবিরের দলদাসের মতো কাজ করার অভিযোগ উঠেছে। আধিকারিকদের মেধা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি বলেও অভিযোগ দীর্ঘদিনের। ২০২৫ সালের নভেম্বরেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাব দেয়। কিন্তু তৎকালীন সরকার সেই প্রস্তাব নিয়ে বিশেষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সরকারের পালাবদলের পরই ছবিটা বদলায়। পুলিশকে আধুনিক ও পেশাদার করে তুলতে বুধবার নবান্নে মউ স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশের দক্ষতা একসময় উচ্চতায় ছিল। আন্তর্জাতিক স্তরের পুলিশের সঙ্গে তুলনা করা হত। আগের সরকার সেই উচ্চতা ও দক্ষতাকে কাজে লাগায়নি। আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়নি।” তাঁর স্পষ্ট বার্তা, “নির্ভরতা কাটিয়ে পুলিশকে এগিয়ে নিয়ে যেতে হবে।” কর্মী সংকটের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, “পুলিশে কর্মী সংখ্যা কম থাকার ফলে সাধারণ মানুষের আশা-প্রত্যাশা পূরণ হচ্ছে না। সে কারণে আরও নিয়োগ করা হবে। নিয়োগে স্বচ্ছতা আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই মউয়ের আওতায় আইপিএস, ডব্লুপিএস, ইন্সপেক্টর, সাব ইনস্পেক্টররা বিশেষ প্রশিক্ষণ পাবেন। পাশাপাশি পড়ুয়ারাও অংশ নিতে পারবেন। সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, এআই, ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স, নারী পাচার রোধ-সহ একাধিক অত্যাধুনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসম, উত্তরাখণ্ড ইতিমধ্যেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল পশ্চিমবঙ্গ।

আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও স্বচ্ছ নিয়োগ—এই ত্রিফলা নীতিতে রাজ্য পুলিশের হারানো গৌরব ফেরাতে বদ্ধপরিকর শুভেন্দু সরকার। এই মউ স্বাক্ষর সেই পথেরই প্রথম ধাপ। আগামিদিনে রাজ্য পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *