Accident : রথের মেলা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পরিযায়ী শ্রমিকের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রথের মেলা দেখে বাড়ি ফেরার পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার বনগাঁর গাঁড়াপোতা রথের মেলা থেকে ফেরার সময় বাগদার দুর্গাপুর মোড়ে বাইক নিয়ে কদম গাছে ধাক্কা লেগে মৃত্যু হল দুই বন্ধুর। কয়েকদিন আগেই ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন তাঁরা।
মৃত দুই যুবকের নাম নিতাই দেবনাথ এবং আজিজ বিশ্বাস। নিতাইয়ের বাড়ি করঙ্গ টালিখোলা পাড়ায়। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা নিখোঁজ হয়ে যান। ঠাকুরদা-ঠাকুরমার কাছে মানুষ হয়ে সে কাজ করতে গিয়েছিল আন্দামানে। সপ্তাহখানেক আগে বাড়ি এসেছিল।
অন্যদিকে আজিজ বিশ্বাসের বাড়ি করঙ্গ চারা বটতলা ঈদগাঁও ময়দানে। সেও পরিযায়ী শ্রমিক। ব্যাঙ্গালোরে কাজ করত। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল।
শুক্রবার রাতে দুই বন্ধু একসঙ্গে বনগাঁর গাঁড়াপোতা রথের মেলা দেখতে যায়। সেখান থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে উত্তর ২৪ পরগনার বাগদা থানার দুর্গাপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কদম গাছের সঙ্গে সরাসরি ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
রথের আনন্দ শেষ হল শোকে। ভিনরাজ্য থেকে কয়েকদিনের জন্য বাড়ি ফিরে আর ফেরা হল না দুই বন্ধুর। এই ঘটনায় শোকস্তব্ধ নিতাই ও আজিজের পরিবার সহ গোটা এলাকাবাসী।
