আজকের দিনেবাংলার আয়না

চায়ের দোকান থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :-দক্ষিণ ২৪ পরগনার নামখানা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক নথি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, গতকাল ৩ রা জুন সন্ধ্যায় বিজেপি কর্মী-সমর্থকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর চায়ের দোকান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে রয়েছে ৩৫টি আধার কার্ড, ৯টি ভোটার পরিচয়পত্র, ৩৮টি এলআইসি বন্ড এবং ২৬টি এটিএম কার্ড ও বিভিন্ন ব্যাংকের পাসবুক। এতগুলি গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক নথি একটি সাধারণ চায়ের দোকানে কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি সাধারণ চায়ের দোকানে এত সংখ্যক ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ নথি কীভাবে জমা হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, এই ঘটনার পেছনে কোনও বড়সড় অনিয়ম বা অসাধু চক্রের যোগ থাকতে পারে। যদিও তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাম বন্ধি উদ্ধার হওয়া নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে। নথিগুলির প্রকৃত মালিকদের পরিচয় যাচাই করার পাশাপাশি সেগুলি কীভাবে ওই দোকানে পৌঁছাল, তারও অনুসন্ধান চলছে। প্রয়োজন হলে নথিতে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্তের পরই স্পষ্ট হবে এটি নিছক অবহেলার ফল, নাকি এর পেছনে রয়েছে কোনও সংগঠিত চক্রের কার্যকলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *