আজকের দিনেভারত

‘নিট’ পরীক্ষার নতুন দিন আগামী ২১ জুন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দিল্লিঃ দেশজুড়ে তীব্র বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বাতিল হয়ে যাওয়া নিট ইউজি পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২১ জুন দেশজুড়ে নতুন করে এই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এনটিএ।

উল্লেখ্য, গত ৩ মে দেশজুড়ে নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী ওই দিন পরীক্ষায় বসেন। কিন্তু পরীক্ষা শেষ হতেই দেশজুড়ে প্রশ্ন ফাঁসের মারাত্মক অভিযোগ সামনে আসে। যার জেরে দেশজোড়া ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক চাপ তৈরি হওয়ায় বাধ্য হয়ে সেই পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় সংস্থা।

রাজস্থান থেকে সূত্রপাত, মিলে গিয়েছিল হুবহু প্রশ্ন!

প্রশ্ন ফাঁসের এই চক্রটি মূলত সামনে আসে রাজস্থানে। তদন্তে নেমে রাজস্থান পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানান, পরীক্ষার অন্তত এক মাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে একটি ‘সম্ভাব্য প্রশ্নপত্র’ পৌঁছেছিল। যাতে মোট ৪১০টি প্রশ্ন ছিল। ৩ মে আসল পরীক্ষার পর মিলিয়ে দেখা যায়, ওই সম্ভাব্য প্রশ্নপত্রের ১২০টি রসায়নের প্রশ্ন এবং উত্তরের অপশন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য তালিকার ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন হুবহু মিলেছিল আসল পরীক্ষার সঙ্গে।

এই তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা কেন্দ্রের মোদী সরকার ও এনটিএ-র ভূমিকা নিয়ে সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ৩ মে-র পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বর্তমানে এই পুরো প্রশ্ন ফাঁস চক্রের তদন্তভার রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি তথ্য:

পরীক্ষা বাতিলের পর পরীক্ষার্থীদের হয়রানি কমাতে এনটিএ-র তরফে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে:

  • নতুন করে আবেদন নয়: ২১ জুনের পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের নতুন করে কোনো ফর্ম ফিলাপ বা আবেদন করতে হবে না।

  • লাগবে না কোনো ফি: পুনরায় পরীক্ষার জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। এমনকি আগেরবার পরীক্ষার জন্য জমা দেওয়া অর্থও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

  • ডাউনলোড করতে হবে নতুন অ্যাডমিট কার্ড: পরীক্ষার্থীদের নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই কার্ড পাওয়া যাবে। তবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, সেই তারিখ এখনও স্পষ্ট করেনি সংস্থা।

২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার মাঝে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পড়ুয়ারা। এখন ২১ জুনের পরীক্ষা কতটা নিশ্ছিদ্র নিরাপত্তায় করা সম্ভব হয়, সেটাই এনটিএ-র কাছে মস্ত বড় চ্যালেঞ্জ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *