আজকের দিনেবিজ্ঞানবিশ্বভারত

NASA-ISRO : চাঁদে মানুষের প্রথম ঘাঁটি, ISRO-কে ডাকল NASA। মহাকাশে চিনকে টেক্কা দিতেই কি এই জোট ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- পৃথিবীর বাইরে এবার মানুষের স্থায়ী ঠিকানা। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মনুষ্যনির্মিত ঘাঁটি গড়তে চলেছে NASA। আর সেই ঐতিহাসিক প্রকল্পে হাত মেলানোর জন্য ভারতের ISRO-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হল। বেঙ্গালুরুতে ভারত-আমেরিকা Civil Space Joint Working Group-এর নবম বৈঠকের পরই এই প্রস্তাব সামনে এল। ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদে ঘাঁটির পরিকল্পনা কী
NASA-র Moon Base Program তিনটি পর্যায়ে হবে। প্রথমে রোবট পাঠিয়ে চাঁদের দক্ষিণ মেরু ঘুরে দেখা হবে। সেখানে নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা হবে এবং ভবিষ্যতের ঘাঁটির জন্য জায়গা ঠিক করা হবে। এরপর মানুষের জন্য প্রস্তুতি নেওয়া হবে যাতে বিজ্ঞানীরা দীর্ঘ সময় সেখানে থাকতে পারেন। শেষ পর্যায়ে চাঁদের মাটিতে এমন পরিকাঠামো তৈরি হবে যেখান থেকে সৌরজগতের আরও গভীরে অভিযান চালানো যাবে। এই ঘাঁটি থেকেই ভবিষ্যতে মঙ্গল অভিযানের রাস্তাও খুলবে। চলতি বছরের ২৪ মার্চ ‘Ignition’ অনুষ্ঠানে এই পরিকল্পনার ঘোষণা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় মহাকাশ নীতির আওতায় এই প্রকল্প।

ভারত-আমেরিকার সহযোগিতা
Artemis চুক্তির আওতায় NASA ISRO-কে এই প্রকল্পে যুক্ত হতে বলেছে। দুই দেশ বিজ্ঞানসম্মত তথ্য ভাগ করে নিতেও সম্মত হয়েছে। NISAR এবং AXIOM মিশনে আগেই যৌথ সাফল্য এসেছে। এবার চাঁদের ঘাঁটি নিয়েও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় দুই দেশ। আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু ফুরিয়ে আসায় চাঁদে ঘাঁটির প্রয়োজনীয়তা আরও বেড়েছে। NASA জানিয়েছে, দীর্ঘ ৬০ বছর পর তারা আবার মানুষ পাঠাচ্ছে, তবে এবার শুধু ঘুরে আসা নয়, থেকে গবেষণা করাই লক্ষ্য।

চিন ফ্যাক্টর
মহাকাশ গবেষণায় এই মুহূর্তে আমেরিকাকে কড়া টেক্কা দিচ্ছে চিন। ভারতের সঙ্গেও চিনের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মহাকাশে চিনের বাড়তে থাকা আধিপত্যকে রোখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এই জোট শুধু বিজ্ঞানের নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাঁদে মানুষের প্রথম ঘাঁটি নির্মাণ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়। NASA-ISRO-র এই যৌথ উদ্যোগ ভারতকে বিশ্ব মহাকাশ নেতৃত্বের আরও কাছে নিয়ে যাবে। একইসঙ্গে এই সহযোগিতা আগামী দিনের মহাকাশ রাজনীতির দিকও ঠিক করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *