আজকের দিনেবাংলার আয়না

Kultali-Relief : কুলতলীতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের সামগ্রী, গ্রেপ্তার ব্লক সভাপতির আত্মীয় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বন্যা দুর্গতদের ত্রাণের সামগ্রী। এক নম্বর জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর জালাবেড়িয়া গ্রামের কার্তিক সরদারের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কার্তিক সরদার কুলতলী ব্লক সভাপতির আত্মীয় এবং এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণের সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আমফান, ফনি সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে কুলতলী বারবার বিধ্বস্ত হলেও তাঁরা কোনও ত্রাণ পাননি।

গ্রামবাসী সুজাতা সরদার ও ভানু মল্লিক জানান, “দুর্যোগের পর সরকারি ত্রাণের একটা দানাও আমরা পাইনি। অথচ নেতার বাড়িতে গোডাউন ভর্তি ত্রাণ।” এলাকার বিজেপি প্রার্থী মাধবী মহলদার অভিযোগ করেন, “তৃণমূল নেতার বাড়ি, গোডাউন এমনকি পুকুর থেকেও গরিব মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। মানুষকে বঞ্চিত রেখে তৃণমূলের নেতারা এই ভাবেই বড়লোক হয়েছে।”

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পর সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। কিন্তু সরাসরি শাসক দলের নেতার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ায় শাসকদলের ভাবমূর্তি আরও ধাক্কা খেল। গ্রেপ্তার হওয়া নেতার সঙ্গে ব্লক সভাপতির আত্মীয়তার সম্পর্ক থাকায় ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *