Independence Day : তৃণমূল জমানায় কোণঠাসা, শুভেন্দুর আমলে পুরস্কার! স্বাধীনতা দিবসে মেডেল পাচ্ছেন দময়ন্তী সেন-সহ ৬ IPS !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাজ্যে সরকার বদল, আর তার সঙ্গেই বদলে গেল ‘ব্রাত্য’ অফিসারদের ভাগ্য। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা দিবসের মঞ্চে রাজ্যের ৬ জন আইপিএসকে ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ দিতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তালিকায় আছেন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তকারী দময়ন্তী সেনও। একসময় যাঁকে তৃণমূল জমানায় গুরুত্বহীন করে রাখার অভিযোগ উঠেছিল, এবার তাঁকেই সামনে এনে সম্মান জানাচ্ছে রাজ্য সরকার ।
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ৬ জন অফিসারের হাতে সম্মান তুলে দেবেন বলে জানা গেছে।
সম্মানিতরা হলেন: অজয় কুমার, নীরজ কুমার সিং, দময়ন্তী সেন, জয়রামন, প্রনব কুমার ও কুনাল আগরওয়াল।
সবচেয়ে বেশি নজর কেড়েছে দময়ন্তী সেনের নাম। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে সুজেট জর্ডন গণধর্ষণ মামলার তদন্ত করে তিনি আলোড়ন ফেলেছিলেন। কিন্তু তারপর আর বড় মামলার দায়িত্ব পাননি। মমতা সরকারের আমলে দুঁদে এই অফিসারকে কার্যত ‘কোণঠাসা’ করে রাখা হয়েছিল বলে অভিযোগ।
পালাবদলের পর ছবিটা পুরো বদল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই নারী নির্যাতনের তদন্তের জন্য গঠিত নয়া কমিটিতে দময়ন্তী সেনকে বড় দায়িত্ব দেন। এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তাঁকে মেডেল দিয়ে ‘সাবাশি’ জানাচ্ছে সরকার।
তালিকায় থাকা বাকি অফিসাররাও নিজেদের কাজের জন্য পরিচিত।
‘সততার প্রতীক’ জয়রামন দুর্নীতিবিরোধী একাধিক তদন্তে নেতৃত্ব দিয়েছেন।
আর অজয় কুমার বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের তদন্ত করতে গিয়ে তৎকালীন বিরোধী তৃণমূলের রোষের মুখে পড়েছিলেন।
রাজ্য সরকারের বক্তব্য, এখানে রাজনীতি নেই। কাজই শেষ কথা। যাঁরা প্রতিকূল পরিস্থিতিতেও ন্যায়ের পথ ছাড়েননি, তাঁদেরই এবার সামনে আনা হচ্ছে।
তৃণমূল জমানায় যাঁদের দক্ষতাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তাঁদেরকেই ‘দক্ষতা’র সম্মান দিয়ে নজির গড়তে চলেছে শুভেন্দুর সরকার। রাজনীতির অঙ্গুলিহেলনের বাইরে গিয়ে কর্তব্যনিষ্ঠ অফিসারদের স্বীকৃতি – এটাই এখন রাজ্যের নতুন বার্তা।
