আজকের দিনেভারত

লিটার প্রতি ৫ টাকা পেট্রোল ও ৩ টাকা সস্তা ডিজেল করল এই সংস্থা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্কঃ জুলাই মাসের প্রথম দিনই দেশের কোটি কোটি গাড়িচালক ও সাধারণ মানুষের জন্য এল বড়সড় স্বস্তির খবর। মধ্যবিত্তের পকেটের বোঝা হালকা করে এক ধাক্কায় বেশ খানিকটা কমল পেট্রল ও ডিজেলের দাম। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি  জ্বালানির দাম কমানোর এই বড় ঘোষণা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে তাদের পেট্রল পাম্পগুলিতে পেট্রল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৩ টাকা কম দামে মিলবে। গত দু’বছরেরও বেশি সময়ের মধ্যে নায়ারা এনার্জিই দেশের প্রথম জ্বালানি সংস্থা, যারা এক ধাক্কায় এতটা দাম কমাল।

দেশজুড়ে ৭,০০০ পেট্রল পাম্পে মিলবে ছাড়

সাধারণ মানুষ অত্যন্ত সস্তায় এই জ্বালানি কিনতে পারবেন। তবে ভ্যাট এবং অন্যান্য স্থানীয় করের তারতম্যের কারণে বিভিন্ন রাজ্যে এই দামের সামান্য হেরফের হতে পারে।

কেন কমল তেলের দাম?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাই এর প্রধান কারণ। ওয়াকিবহাল মহলের মতে:

  • পশ্চিম এশিয়ায় উত্তেজনা হ্রাস: ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে বাড়ছিল। কিন্তু সম্প্রতি পশ্চিম এশিয়ায় সংঘাতের তীব্রতা অনেকটাই কমেছে।

  • হরমুজ প্রণালী উন্মুক্ত: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং দাম কমেছে।

ডোনাল্ড ট্রাম্পের বার্তা: গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিশ্বজুড়ে সমস্ত জ্বালানি সংস্থার কাছে দাম কমানোর আবেদন জানান। তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও জ্বালানি তেল সংস্থাগুলি সেই তুলনায় দ্রুত দাম কমাচ্ছে না।

সরকারি তেল সংস্থাগুলির অবস্থান কী?

বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি গ্রাহকদের মুখে হাসি ফোটালেও, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কিন্তু এখনও দাম অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ, ইন্ডিয়ান অয়েল , ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম -এর পাম্পে পেট্রল ও ডিজেলের দাম আগের মতোই থাকছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কেন্দ্র সরকার জ্বালানির দামে রাশ টেনে রেখেছিল। যার ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিপুল ক্ষতির মুখে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় দাম বাড়ানো হয়। তবে এবার পরিস্থিতি বদলেছে। নায়ারা এনার্জির এই পদক্ষেপের পর সরকারি তেল সংস্থাগুলিও আগামী দিনে দাম কমায় কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *