কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম , স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শেষমেশ খানিকটা স্বস্তি। মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৮৩. ৫০ টাকা কমল। নতুন দাম দাঁড়াল ৩,০৮১ টাকা। তবে ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে তেল সংস্থাগুলি।
মঙ্গলবার মধ্যরাত থেকে শহরে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৫৫ টাকা থেকে কমে হয়েছে ৩,০৮১ টাকা। একধাক্কায় ১৮৩. ৫০ টাকা দাম কমায় কিছুটা হাঁফ ছাড়ল হোটেল, রেস্তোরাঁ ও পাইস হোটেল ব্যবসায়ীরা।
ইরান যুদ্ধের জেরে হরমুজ় প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় তেল ও এলপিজি সরবরাহে সঙ্কট দেখা দেয়। সেই পরিস্থিতিতে গত ৬ মার্চের পর কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্র। বর্ধিত খরচের চাপ সামলাতে না পেরে শহরের বহু ছোট রেস্তোরাঁ ও পাইস হোটেল বন্ধ হয়ে যায়।
খরচ কমাতে অনেক হোটেল-রেস্তোরাঁ খাবারের দাম বাড়িয়ে দেয়। মেনুতেও আনা হয় বড় বদল। গ্যাসের খরচ কম লাগে এমন খাবার তৈরিতে জোর দেওয়া হয়। দাম কমায় এবার সেই চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তবে সাধারণ মানুষের জন্য আপাতত কোনও সুখবর নেই। ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম এ দিনও অপরিবর্তিত রেখেছে তেল বিপণন সংস্থাগুলি।
কয়েক দফায় দাম বাড়ার পর এই প্রথম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১৭৪ টাকা দাম কমায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলবে হোটেল-রেস্তোরাঁ শিল্প। তবে ঘরোয়া সিলিন্ডারের দাম না কমায় মধ্যবিত্তের হেঁশেলে চাপ থেকেই গেল। ব্যবসায়ীরা বলছেন, দাম আরও কমলে তবেই বন্ধ হওয়া দোকানগুলো ফের ঘুরে দাঁড়াতে পারবে।
