আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসিলেবাস থেকে

Private School : প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে নিউটাউনের নামী বেসরকারি স্কুলে তুমুল বিক্ষোভ, সরব ক্ষুব্ধ অভিভাবকরাও !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নিউটাউনের এক নামী বেসরকারি বিদ্যালয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে অহেতুক মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রিন্সিপালের অবিলম্বে পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের মূল অভিযোগ, বর্তমান প্রিন্সিপাল অকারণেই তাদের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করে চলেছেন। তুচ্ছ অজুহাতে কথা শোনানো, অহেতুক হয়রানি করা এবং ছোটখাটো বিষয়ে শিক্ষার্থীদের হুটহাট সাসপেন্ড করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার স্বাভাবিক ও মুক্ত পরিবেশ নষ্ট করে দিয়ে স্কুলে প্রতিনিয়ত এক চরম আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছেন বর্তমান প্রধান শিক্ষক। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে এবং স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আজ ক্যাম্পাসে একজোট হয়ে সোচ্চার হয় সমস্ত শিক্ষার্থী।

পড়ুয়াদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরাও। সন্তানদের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক অভিভাবক ক্ষোভের সাথে জানান, “স্কুল যদি আতঙ্কের জায়গা হয়ে ওঠে, তবে সেখানে ছেলেমেয়েরা সুস্থ মানসিকতা নিয়ে পড়বে কীভাবে?

অকারণে সাসপেন্ড করে ওদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” অন্যদিকে, পরিস্থিতি এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও স্কুল কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনা এবং শিক্ষার্থীদের বিস্ফোরক অভিযোগের বিষয়ে জানতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বারবার স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা সংবাদমাধ্যমের সামনে কোনো ধরনের মন্তব্য করতে চাননি।

প্রিন্সিপাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে নিউটাউনের ওই স্কুল চত্বরে বর্তমানে তীব্র চাঞ্চল্য বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *