আজকের দিনেবাংলার আয়না

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, পুলিশের জালে অপরাধী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বারুইপুরের নবগ্রামে গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুড়তুতো দাদা আলাউদ্দিন গাজিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ভাই আশিক গাজিকে। শনিবার রাতের ঘটনা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলাউদ্দিন গাজি, বয়স ৪০। নবগ্রাম এলাকার বাসিন্দা আলাউদ্দিন কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাতে এলাকার একটি মাঠের কাছে তাঁর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে। গলায় ধারাল অস্ত্রের গভীর কোপ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।পরিবার ও স্থানীয় সূত্রে খবর, আলাউদ্দিনের স্ত্রী নাজিরা বিবির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল খুড়তুতো ভাই আশিক গাজির। তা নিয়ে কয়েকদিন ধরেই দাম্পত্য অশান্তি চলছিল। শনিবার সকালে রোজকার মতো কাজে বেরোন আলাউদ্দিন। সঙ্গে ছিলেন স্ত্রী নাজিরাও। কাজ থেকে ফিরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সেখানেই হাজির হয় আশিক। ছিলেন নাজিরার ভাইয়েরাও। পুলিশ সূত্রের দাবি, শ্বশুরবাড়িতে একপ্রস্থ বাক-বিতণ্ডার পর আলাউদ্দিন বেরিয়ে এলে তাঁর পিছু নেয় আশিক। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাউদ্দিনের। তদন্তে নেমে রাতেই আশিক গাজিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে। আলাউদ্দিনের স্ত্রী নাজিরা বিবির এই ঘটনায় কোনও ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আর কেউ খুনে জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কের টানাপোড়েনেই এই নৃশংস খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। একদিকে পরকীয়া, অন্যদিকে পারিবারিক বিবাদ, সব মিলিয়ে রক্তাক্ত পরিণতি দেখল বারুইপুরের নবগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *