আজকের দিনেতিলোত্তমা

পুলিশের গায়ে হাত দিলে যতদূর যাওয়ার যাব’: পার্ক সার্কাস কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: “কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন।” পার্ক সার্কাস কাণ্ডের পর এভাবেই সমাজবিরোধীদের বেনজির ভাষায় কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, সমাজ-বিরোধী কার্যকলাপে নতুন সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলবে।

​রণক্ষেত্র পার্ক সার্কাস: আক্রান্ত পুলিশ
​উল্লেখ্য, রবিবার দুপুরে বুলডোজার অ্যাকশন-সহ একাধিক ইস্যুর বিরোধিতায় পার্ক সার্কাস চত্বরে একদল বিক্ষোভকারী জড়ো হয়। আচমকাই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে কমপক্ষে ৩ জন পুলিশকর্মী গুরুতর জখম হন।

​‘এটাই শেষ ঘটনা’, কড়া বার্তা পুলিশমন্ত্রীর
​সোমবার আক্রান্ত পুলিশ আধিকারিকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, পুলিশের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন:
​“আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না। এটাই শেষ ঘটনা। এর পর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে।”

​পূর্ব পরিকল্পিত চক্রান্ত, গ্রেপ্তার ৪০
​মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, “ঘটনার আগে অনেকেই এই এলাকায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন।” ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো দল বা ধর্ম হয় না। আইনকে বুড়ো আঙুল দেখালে কাউকেই রেয়াত করা হবে না। তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, “কোন দল, কোন সম্প্রদায়ের লোক, বা কোনও প্রভাবশালীর কাছের লোক কি না— অ্যাকশন নিতে গেলে এসব ভাববেন না।”

​পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’
​রাজ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ‘ভয় আউট, ভরসা ইন’ বার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন পুলিশকে সম্পূর্ণ ‘ফ্রি-হ্যান্ড’ বা স্বাধীনভাবে কাজ করার সবুজ সংকেত দেন। তিনি সাফ জানান, গুন্ডামি, ভাঙচুর, এবং দেশবিরোধী বা সমাজবিরোধী কার্যকলাপ রুখতে প্রশাসন কঠোরতম পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *