আজকের দিনেতিলোত্তমা

পুলিশকর্তাদের পর এবার কি স্বাস্থ্যসচিব? নিগমকে নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার। আর জি কর ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার ফাইল নতুন করে খোলার পর একের পর এক প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ নিচ্ছে নব নির্বাচিত সরকার। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলসহ তিন শীর্ষ পুলিশকর্তাকে সাসপেন্ড করার পর, আজ সোমবার খোদ স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে নবান্নে জরুরি তলব করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনিক মহলে তীব্র জল্পনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

বৈঠকের মাঝেই নবান্নে ছুটলেন স্বাস্থ্যসচিব

সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ সোমবার স্বাস্থ্যভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু সেই বৈঠক চলাকালীনই হঠাৎ নবান্ন থেকে তাঁর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জরুরি তলব আসে। পরিস্থিতি এতটাই তৎপর ছিল যে, কার্যত বৈঠকের মাঝপথেই আলোচনা থামিয়ে নবান্নের উদ্দেশ্যে ছুটে যান স্বাস্থ্যসচিব। হঠাৎ কেন এই জরুরি তলব, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিনীত গোয়েলসহ ৩ পুলিশকর্তা সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত

রাজ্যে পালাবদলের পর আর জি কর কাণ্ডের তদন্তে নতুন গতি এসেছে। সরকার ইতিমধ্যেই তিন হেভিওয়েট পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে:

১. বিনীত গোয়েল (কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, বর্তমানে এডিজি আইবি)

২. ইন্দিরা মুখোপাধ্যায় (তৎকালীন ডিসি সেন্ট্রাল, বর্তমানে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট)

৩. অভিষেক গুপ্তা (তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ইএফআর ২য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার)

কেবল সাসপেনশনই নয়, এই তিন পুলিশকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও  নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

নিগমের অপসারণের দাবিতে অনড় ছিলেন চিকিৎসকরা: কী পদক্ষেপ নেবেন শুভেন্দু?

আর জি কর কাণ্ডের পর থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বারবার তাঁকে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন। পুলিশকর্তাদের শাস্তির পর এবার কি তবে স্বাস্থ্যসচিবের বিরুদ্ধেও কোনও কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? নবান্নের এই তলব ঘিরে সেই জল্পনাই এখন তুঙ্গে।

‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা? কটাক্ষ বিরোধীদের

অবশ্য নবান্নে তলব পাওয়ার আগে পর্যন্ত স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নে ময়দানে নেমে কাজ করতে দেখা গেছে স্বাস্থ্যসচিবকে। গত শুক্রবার এসএসকেএম  হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাইপ্রোফাইল বৈঠকের ৭২ ঘণ্টার মধ্যেই, শনিবার মাঝরাতে শহরের পাঁচটি বড় সরকারি হাসপাতালে হঠাৎ ‘সারপ্রাইজ ভিজিট’ বা ঝটিকা সফর করেন নারায়ণস্বরূপ নিগম। তবে তাঁর এই অতি-সক্রিয়তাকে কটাক্ষ করতে ছাড়ছেন না সমালোচকরা। অনেকেরই দাবি, রাজ্যে সরকার বদল হতেই নিজের পদ বাঁচাতে মরিয়া হয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন স্বাস্থ্যসচিব। এখন দেখার, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠকের পর স্বাস্থ্যসচিবের ভাগ্যে কী পরিবর্তন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *