LOKSABHA : বিরোধীদের ওয়াকআউট, তবুও লোকসভায় পাশ মোদি সরকারের প্রশ্নফাঁস বিরোধী বিল
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- বিরোধীদের প্রবল বিরোধিতা ও ওয়াকআউটের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল। সোমবার পেশের পর মাত্র দু’দিনের মাথায় ধ্বনি ভোটে ছাড়পত্র পেল কড়া এই আইন। (LOKSABHA)
বুধবার বিল নিয়ে আলোচনার সময় উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সভায় উপস্থিত না থাকায় শুরু হয় ভোটাভুটি। ধ্বনি ভোটে বিল পাশের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই বিরোধীরা ওয়াকআউট করেন। (LOKSABHA)
এই বিল আনার প্রেক্ষাপট গত ৩ মে-র NEET প্রশ্নফাঁস কাণ্ড। পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ফাঁসের খবর সামনে আসে। বাধ্য হয়ে পরীক্ষা বাতিল করে এনটিএ। হতাশায় একাধিক পড়ুয়া আত্মঘাতী হন। দেশজুড়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাকে “ঘোর পাপ” বলেন।
নতুন সংশোধনীতে কড়া শাস্তির বিধান:
– ব্যক্তি দোষী হলে: ৩ থেকে ৫ বছরের জেল, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা
– প্রতিষ্ঠান দোষী হলে: আধিকারিকদের ৫ থেকে ১০ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা। সর্বোচ্চ জরিমানা ১০ কোটি টাকা পর্যন্ত
সোমবার বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। প্রধানমন্ত্রী আলোচনায় অংশ না নিলেও দু’দিনের মধ্যে লোকসভায় পাশ হয়ে যায়। এবার বিলটি পেশ হবে রাজ্যসভায়।
বিরোধীরা বিলকে “একপেশে” বললেও সরকারের দাবি, লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই কড়া আইন। রাজ্যসভায় অনুমোদন মিললেই দেশজুড়ে লাগু হবে প্রশ্নফাঁস বিরোধী নতুন আইন।
