আজকের দিনেখেলা

ছন্দহীন পাঞ্জাবের ডু-অর-ডাই, ঋষভ পান্থের দলের কাছে সম্মান রক্ষার লড়াই

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-চলে এসেছে শেষ পর্বে। লিগ পর্বের নিজেদের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। প্লে-অফের আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে প্রীতি জিন্টার দলকে। অপরদিকে লখনউ এর কাছে এটি সম্মানরক্ষার লড়াই। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কেকেআর । কারণ পাঞ্জাব হারলে তারা সুবিধা পাবে।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনৌয়ের একানা স্টেডিয়ামে। ঋষভ পন্থের দলের কাছে এটি সম্মান রক্ষার ম্যাচ, কারণ তারা ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ২২০ রান তুলেও হেরেছিল দল। সেই ম্যাচে মিচেল মার্শ মাত্র ৪ রানের জন্য এবারের আইপিএলে নিজের দ্বিতীয় শতরান হাতছাড়া করেন এবং জশ ইংলিশের ব্যাট থেকে এসেছিল ৬০ রানের ইনিংস। বাকিরা কেউ সেভাবে সফল হতে পারেননি। দলের ব্যাটিং বিভাগে দুই ওপেনার জশ ইংলিশ ও মিচেল মার্শ শেষ কয়েকটি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করেছেন। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দল তাদের দিকেই তাকিয়ে থাকবে। তবে অধিনায়ক ঋষভ পন্থ এবারের টুর্নামেন্টে খুব একটা সফল হতে পারেননি।

বোলিং বিভাগে প্রিন্স যাদব গত ম্যাচে সফল না হলেও এবারের মরসুমে লখনউয়ের অন্যতম সেরা বোলার তিনিই। এছাড়া মহসিন খান এবং শাহবাজ আহমেদ ভালো বোলিং করেছেন। মহম্মদ শামি গত ম্যাচে খেলতে পারেননি, আজও তিনি দলের প্রথম একাদশে ফিরতে পারেন।

অন্যদিকে পাঞ্জাব কিংস এবারের আইপিএলে প্রথম সাতটি ম্যাচে টানা অপরাজিত থাকার পর শেষ ছয়টি ম্যাচে পরপর হেরেছে। শুরুর দিকে দলের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ভালো পারফর্ম করছিলেন এবং মিডল অর্ডারে দলকে ভরসা দিচ্ছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। তার দৌলতেই ম্যাচগুলি পরপর জিতছিল তারা। কিন্তু শেষ ছয়টা ম্যাচে তারা ছন্দ হারিয়ে ফেলেছে। তাদের দৃষ্টিকোণ থেকে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ব্যাটারদের ফর্মে ফেরা জরুরি। দুই ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে।
তাদের বোলিং বিভাগ শুরু থেকেই হতশ্রী পারফর্ম করে এসেছে। একাধিক ম্যাচে অসফল হয়েছেন দলের বোলাররা। অর্শদীপ সিং প্রতিটা ম্যাচে অনেক রান খরচ করেছেন এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিতর্কেও জড়িয়েছেন। তবে শেষ কয়েকটি ম্যাচে হরপ্রীত ব্রার ভালো বোলিং করেছেন। আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং বিভাগকেও ছন্দ ফিরে পেতে হবে।
উল্লেখ্য, ফিল্ডিংয়ের কারণেও বিগত কয়েকটি ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হয়েছে, যার খেসারত দলকে দিতে হয়েছে।

শেষ ছয় ম্যাচে টানা হারের পর পাঞ্জাব কিংসের জয়ে ফেরাটা এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ। তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই একসাথে জ্বলে উঠতে হবে। অন্যদিকে প্লে-অফের আশা শেষ হয়ে গেলেও লখনৌ সুপার জায়ান্টসের সামনে সুযোগ রয়েছে শেষ ম্যাচ জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *