Nobel Prize-Trump : ট্রাম্পের নামে নোবেলের নামকরণ হোক, সরাসরি দাবি মার্কিন সেনেটরের !
কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নোবেল শান্তি পুরস্কারের নামকরণের দাবি তুললেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তাঁর বক্তব্য, ট্রাম্প যদি আরব রাষ্ট্রগুলিকে ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি করাতে পারেন, তবে নোবেল পুরস্কারের নাম বদলে ‘ট্রাম্প পুরস্কার’ করে দেওয়া উচিত।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার না পেয়ে হতাশ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই পুরস্কার জেতেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। এরপরই তিনি ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিলে বিতর্ক তৈরি হয়।
কয়েক মাসের মধ্যেই ফের ট্রাম্প ও নোবেল একসঙ্গে আলোচনায়। এবার সরাসরি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, “ট্রাম্প যদি সমস্ত আরব রাষ্ট্রকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে রাজি করাতে সক্ষম হন, তবে তা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। সৌদি আরবকে ইজরায়েলকে স্বীকৃতি দিতে রাজি করাতে পারলে সহস্রাব্দ ধরে চলা আরব-ইজরায়েল সংঘাতের অবসান হবে। সেক্ষেত্রে নোবেল পুরস্কারের নাম পরিবর্তন করে ট্রাম্প পুরস্কার রাখা উচিত।”
আব্রাহাম অ্যাকর্ড হল আমেরিকার মধ্যস্থতায় ২০২০ সালে শুরু হওয়া চুক্তি, যার লক্ষ্য ইজরায়েল ও আরব দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। ট্রাম্প এখন মুসলিমপ্রধান দেশগুলিকে এই অ্যাকর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পাকিস্তান, ইরানের মতো দেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সেনেটরের মুখে ‘ট্রাম্প পুরস্কার’ মন্তব্য নতুন করে আলোড়ন ফেলেছে। নোবেল না পাওয়ার আক্ষেপ মেটাতে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক শান্তি আনতে পারেন কি না, সেটাই এখন দেখার। তবে সৌদি আরব-সহ আরব রাষ্ট্রগুলিকে রাজি করানো যে বড় চ্যালেঞ্জ, তা নিয়ে সন্দেহ নেই।
