NEET : নিট প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রের, নামছে বিমান-হেলিপ্যাড-আধাসেনা !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- ৩ মে NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে বিতর্কের পর ২১ জুন ফের পরীক্ষা নিচ্ছে NTA। এবার কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো পর্যন্ত প্রতিটি ধাপে থাকছে সেনা ও আধাসেনার কড়া নিরাপত্তা বলয়। প্রশ্নকর্তা ও অনুবাদকদের মোবাইল-ইন্টারনেট ছাড়া নজরবন্দি রাখা হচ্ছে।
– বায়ুসেনার তত্ত্বাবধান: প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হবে এবং বিমান, হেলিপ্যাড সহ সব ধরনের পরিবহণ ব্যবহার করে তা কেন্দ্রে পৌঁছবে।
– আধাসেনার নিরাপত্তা: স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, CRPF ও CISF জওয়ানরা দ্বিস্তর নিরাপত্তা বলয়ে সশস্ত্র পাহারায় প্রশ্নপত্র ও উত্তরপত্র হায়দরাবাদ ও আহমেদাবাদের হাব থেকে সাড়ে ৫০০-র বেশি কেন্দ্রে পৌঁছে দেবে। ১১-১৯ জুনের মধ্যে নথি পৌঁছনোর কাজ শেষ হবে।
– প্রশ্নকর্তারা নজরবন্দি: তদন্তে উঠে এসেছে, ৩ মে-র প্রশ্নফাঁসে অভিযুক্তদের অনেকেই প্রশ্ন তৈরি করেছিলেন। তাই এবার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নকর্তা ও অনুবাদকদের মোবাইল, ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা। তাঁরা থাকবেন কড়া নজরদারিতে।
– প্রযুক্তি ও জনবল: ৫ লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন, ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে পরিচয় যাচাই হবে।
– সোশ্যাল মিডিয়ায় নজর: নতুন করে চড়া দামে প্রশ্ন বিক্রির অভিযোগ উঠেছে। NTA তা অস্বীকার করলেও, সোশ্যাল মিডিয়ায় চক্র রুখতে তদন্ত শুরু হয়েছে।
৩ মে-র পরীক্ষা বাতিলের পর কেন্দ্রের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছিল। সেই কারণে ২১ জুনের NEET-UG পরীক্ষায় স্বচ্ছতা রাখতে এবার স্থল, আকাশ ও প্রযুক্তি— তিন স্তরেই অভেদ্য দুর্গ গড়ছে কেন্দ্র। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ ও পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
