ED-Madan : পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদন মিত্রের ৪ ঠিকানাসহ ৮ জায়গায় তল্লাশি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের ৮টি জায়গায় একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্ক্যানারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভবানীপুর, কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরের বাড়ি সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি।
শনিবার সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করে ইডি। সূত্রের খবর, বর্তমানে পরিবারসহ ভবানীপুরের ফ্ল্যাটে রয়েছেন মদন মিত্র। সেখানেই তাঁকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার একটি ঠিকানায় অভিযান চালিয়েছে ইডি।
তদন্তকারীদের দাবি, অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান। ২০২৩ সালের ২০ মার্চ গ্রেফতার হওয়া অয়ন শীলের সংস্থার বিরুদ্ধে রাজ্যের ৭টি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মধ্যে কামারহাটি পুরসভাও আছে। অভিযোগ, অয়নের সংস্থার মাধ্যমে ওই পুরসভাগুলিতে গ্রুপ ডি, টাইপিস্ট-সহ একাধিক পদে নিয়োগের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ওএমআর শিট ছাপানো থেকে ইন্টারভিউ প্রক্রিয়া সবটাই নিয়ন্ত্রণ করত অয়নের সংস্থা। কামারহাটি পুরসভায় এই দুর্নীতিতে বিধায়ক হিসেবে মদন মিত্রের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কয়েকদিন আগে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
পুরনিয়োগ দুর্নীতিতে অয়ন শীল যোগের পর এবার সরাসরি তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম জড়ানোয় নতুন মোড় নিল তদন্ত। একই দিনে ৮ জায়গায় ইডির এই ম্যারাথন তল্লাশি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তদন্তে আর কাদের নাম উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
