আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Police Abhishek : কাকভোরে অভিষেকের কালীঘাটের বাড়িতে তালা ভেঙে তল্লাশি শালবনি পুলিশের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আপ্ত সহায়কের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে কাকভোরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালাল শালবনি থানার পুলিশ। তালা ভেঙে বাড়িতে ঢোকেন আধিকারিকরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, শালবনির এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি। অভিযোগ, সুমিত রায় টিকিট দেওয়ার বিনিময়ে টাকা তছরূপ করেছেন। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সুমিতের অবস্থান অভিষেকের কালীঘাটের বাড়িতে দেখায়। এরপরই রাত আড়াইটে নাগাদ ডিএসপির নেতৃত্বে শালবনি থানার বিশাল পুলিশবাহিনী প্রথমে কালীঘাট থানায় গিয়ে জিডি করে। ভোর তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিলেন মহিলা আধিকারিকরাও।

বাড়ির সদস্যদের বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না মেলায় শেষপর্যন্ত তালা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয়। সকাল সাতটার কিছু পরে শালবনি থানার পুলিশ বাড়ি থেকে বেরিয়ে যায়। অভিষেকের দাবি, “তালা ভেঙে ঢুকে গোটা বাড়ি ওরা তল্লাশি করেছে। সব রেকর্ড রয়েছে। তদন্তে সহযোগিতা করেছি।”

এদিকে তল্লাশির খবর পেয়েই গাড়ি নিয়ে তড়িঘড়ি অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা বাড়ির ভিতরে ঢুকে অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে বাড়ি থেকে বেরিয়ে গেলেও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, এখনও শহর ছাড়েনি শালবনি পুলিশ। সুমিত রায়ের বাড়িতেও তল্লাশি হতে পারে।

উল্লেখ্য, বিধানসভার সই জাল এবং ডিজে মন্তব্য মামলায় আপাতত জেরবার অভিষেক। দুটি মামলার তদন্ত করছে সিআইডি। সই জাল মামলায় বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টা জেরার পর রবিবার ফের তাঁকে তলব করা হয়েছে। ডিজে মন্তব্য মামলায় ১৬ জুন হাজিরার সমন পেয়েছেন। এর মাঝে ১৫ জুন ইডি দপ্তরেও হাজিরা রয়েছে তাঁর।

একদিকে সিআইডি-ইডির তলব, অন্যদিকে আপ্ত সহায়কের দুর্নীতির অভিযোগে বাড়িতে পুলিশি তল্লাশি— ক্রমশ চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। কাকভোরে তালা ভেঙে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বাড়িতে জেলা পুলিশের এই তল্লাশি অভিযান রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিল। সুমিত রায়ের হদিশ মেলে কি না, সেদিকেই এখন নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *