আরজি কর: বিনীত গোয়েল-সহ ৩ আইপিএস সাসপেন্ড
কিউ ইন্ডিয়া বাংলা :- আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই মামলার ফাইল ফের খোলা হচ্ছে।
নবান্ন সূত্রের খবর, তদন্তে পুলিশের গাফিলতি ও ভুল পরিচালনার অভিযোগেই তিন অফিসারের বিরুদ্ধে এই ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানান, আপাতত তিন আইপিএসকে সাসপেন্ড করা হলো। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তও শুরু হবে। বর্তমানে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন তিনজনই।
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। পানিহাটি থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তিনি। নতুন সরকারের কাছে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মামলা ফের খোলার আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই আবেদনের ভিত্তিতেই নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
আরজি কর কাণ্ডে পুলিশি গাফিলতির অভিযোগ প্রথম থেকেই ছিল। ক্ষমতায় এসেই মামলা ফের খোলার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সরকার। তিন শীর্ষ পুলিশকর্তাকে সাসপেন্ড করে সেই প্রক্রিয়া শুরু হলো বলে মত রাজনৈতিক মহলের।
