State Govt. : ‘আপনার সরকার, আপনার পাশে’: অভিযোগ জানাতে নতুন হেল্পলাইন চালু করল রাজ্য !
কিউ ইন্ডিয়া বাংলা:- তৃণমূল জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ করে এবার ‘আপনার সরকার, আপনার পাশে’ প্রকল্প চালু করল রাজ্য সরকার। সরাসরি প্রশাসনিক সমাধানের লক্ষ্যে নতুন হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডি প্রকাশ করা হয়েছে। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা।
বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, নতুন হেল্পলাইন নম্বরটি হল ৮২৮২০৮২৮২০। এছাড়া asap@wb.gov.in ই-মেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। কল্যাণীর প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি জানান, প্রকল্পের নামকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে।
রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই একাধিক সরকারি কার্যক্রমে বদল আসছে। তৃণমূল জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চালু হওয়া ওই প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছিল, দেওয়া ফোন নম্বরটি তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি সরকারের কাছে না গিয়ে ওই সংস্থার কাছে যেত। পরবর্তীকালে ওই নম্বরগুলিতে ফোন করে সাড়া পাওয়া যেত না বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে ‘দিদিকে বলো’ কর্মসূচিও নেওয়া হয়েছিল।
নতুন সরকারের দাবি, ‘আপনার সরকার, আপনার পাশে’ প্রকল্পে আর আগের সমস্যা হবে না। সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অভাব-অভিযোগ জানাতে পারবেন। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে জনতার সরাসরি সংযোগ স্থাপনই এই প্রকল্পের মূল লক্ষ্য। তৃণমূলী জমানার বিতর্কিত ব্যবস্থার বদলে স্বচ্ছ ও কার্যকরী পরিষেবা দিতেই এই উদ্যোগ, এমনই দাবি নবান্নের।
