BJP-Protest : ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজিতে অভিযুক্তকে ছাড়তেই থানা ঘেরাও, রাতভর বিক্ষোভ বিজেপির !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিত সাহাকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল ডায়মন্ড হারবার থানা চত্বর। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে রাত পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। শেষমেশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন কর্মী-সমর্থকরা।
ডায়মন্ড হারবার থানার পুলিশ সোমবার বাড়ি থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিত সাহাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগ, দু-তিন ঘণ্টা থানায় রাখার পর কোনও অজ্ঞাত কারণে চুপিসারে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিজেপির দাবি, অমিত সাহার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির একাধিক অভিযোগ থানায় দায়ের রয়েছে। এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁকে আটক করে ছেড়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের হুঁশিয়ারি ছিল, অমিত সাহাকে পুনরায় গ্রেফতার না করা পর্যন্ত থানা ঘেরাও চলবে। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মেলায় রাতে ঘেরাও অভিযান প্রত্যাহার করে নেয় বিজেপি।
ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে অভিযুক্তকে আটক করেও ছেড়ে দেওয়ায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপেই পুলিশ অভিযুক্তকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর ডায়মন্ড হারবার থানার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
