BARRACKPORE STATION : ডবল ইঞ্জিনের সুফল! বারাকপুরে স্টপেজ পেল মা তারা এক্সপ্রেস
কিউ ইন্ডিয়া বাংলা, ব্যারাকপুর :- দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস (BARRACKPORE STATION)। প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় উপহার ঘোষণা করেছিলেন বিধায়ক কৌস্তভ বাগচি, আর বুধবার সকাল ৭টা ৪১ মিনিটে সেই প্রতিশ্রুতি পূরণ হল।
এদিন মা তারা এক্সপ্রেস বারাকপুর স্টেশনে ঢুকতেই প্ল্যাটফর্মে উৎসবের আমেজ (BARRACKPORE STATION)। ঢোল বাজিয়ে ট্রেনকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা। লোকো পাইলট ও গার্ডের হাতে পদ্মফুল তুলে দেন বিধায়ক কৌস্তভ বাগচি নিজেই। বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন সাধারণ যাত্রীরাও (BARRACKPORE STATION)।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “এটা আমাদের পরম পাওয়া। এটাই ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট। বিগত সরকারের আমলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে জাত শত্রু বলে মনে করত।”
প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে ফুটব্রিজ, রেলের উন্নয়ন নিয়ে বারবার রেলমন্ত্রকে চিঠি দিয়েছেন বলে জানান বিধায়ক। এই জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, শুধু তারাপীঠ নয়, বর্ধমানগামী যাত্রীদের জন্যও সুবিধা হল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হলেই আরও দূরপাল্লার ট্রেন বারাকপুরে দাঁড়াবে, যার ফলে বাণিজ্যিকভাবেও উন্নত হবে বাংলা।
বরানগর-বারাকপুর মেট্রো প্রসঙ্গে বিধায়ক আশ্বস্ত করে বলেন, মুখ্যমন্ত্রী যেখানে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন, সেখানে মেট্রো সম্প্রসারণের কাজ থেমে থাকবে না। টেকনিক্যাল সমস্যা না থাকলে চলতি বছরের শেষেই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
