Shah-Suvendu : অনুপ্রবেশ রুখতে শুভেন্দুর জোড়া পদক্ষেপ, গান্ধীনগর থেকে প্রশংসা শাহের !
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষায় বড় সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। বিএসএফকে জমি হস্তান্তর ও অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধীনগরে দাঁড়িয়ে শাহ জানালেন, মমতা জমানার অনুপ্রবেশ এবার বন্ধ হয়েছে।
মুখ্যমন্ত্রী পদে বসেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার কথা। ৪৫ দিনের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেন তিনি। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্যের বাইরে পাঠানোর কাজও শুরু হয়েছে।
বৃহস্পতিবার গান্ধীনগরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সীমান্তে প্রতিদিন অনুপ্রবেশ চলত। আমাদের সরকার আসতেই তা পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা নিয়েছেন অনুপ্রবেশ রুখতে। বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন।”
শাহ আরও জানান, যে সব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্বেচ্ছায় ফিরে যেতে চান, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দুও একই ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যাঁরা সিএএ অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে।
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত বিএসএফকে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। বুধবার রাতে ফেসবুকে জেলাভিত্তিক জমির পরিমাণও প্রকাশ করেছেন তিনি।
সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের বদল খতিয়ে দেখতে মঙ্গলবার উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন অমিত শাহ। আগামী মাসেই সীমান্ত এলাকা পরিদর্শনে বাংলায় আসছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্রুত পদক্ষেপে যে কেন্দ্র সন্তুষ্ট, শাহের বক্তব্যেই তা স্পষ্ট।
