আজকের দিনেতিলোত্তমা

বিজেপি সরকারের শপথ গ্রহণে আসছেন ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী, চূড়ান্ত ব্যস্ততা কলকাতা বিমানবন্দরে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল ৯ই মে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে রাজ্যে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসতে চলেছেন । এছাড়া একাধিক শিল্পপতিরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন । প্রত্যেকেই ব্যক্তিগত বিমানে করে আসবেন সেজন্য কলকাতা বিমানবন্দরে তুমুল ব্যস্ততা থাকবে ।

বঙ্গে এই প্রথম সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা থাকছেনই তার সঙ্গে আসছেন ২৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা । সকলেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান । এত ভিআইপির একসঙ্গে কলকাতায় আসা এর আগে শহর দেখেনি । কলকাতা বিমানবন্দরের কর্তাদের আশঙ্কা, এই ২৩ জনের মধ্যে কমপক্ষে ২০ জন ব্যক্তিগত বিমান নিয়ে আসবেন। যাঁদের মধ্যে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তারা। এছাড়া অনেক বড় শিল্পপতি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন তাদের ব্যক্তিগত বিমানে করে । সকলে চার থেকে পাঁচ ঘন্টার জন্য থাকবেন। এই নিয়ে কলকাতা বিমানবন্দরের কর্তারা চিন্তায় পড়েছেন । ভিআইপিদের বিমানগুলির পার্কিং এবং যাত্রী বিমানের সিডিউল স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হবে। আজ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এ কারণে কলকাতায় ফ্লাইট মুভমেন্টে সমস্যা হতে পারে বলে নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করা হচ্ছে বলে সূত্রের খবর।

কলকাতা বিমানবন্দরে শুক্রবার থেকে সাত নম্বর বে প্রধানমন্ত্রীর জন্য, শাহর জন্য চার নম্বর এবং রাজনাথের জন্য পাঁচ নম্বর বে আলাদা করে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। এ বাদে ৬ এবং ৮ থেকে ১১ নম্বর পার্কিং বে সরিয়ে রাখা হয়েছে ভিআইপি–দের জন্য। এখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিল্পপতিদের বিমানগুলি রাখা হবে। এই নিয়ে কলকাতা বিমানবন্দরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *