আগামীকাল ব্রিগেডে শপথগ্রহণ, কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ
কিউ ইন্ডিয়া বাংলা:- অপেক্ষা আর কিছু ঘণ্টার । রাত পোহালেই নবনির্বাচিত বিজেপি সরকারের শপথগ্রহণ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার শপথ অনুষ্ঠান হবে । উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ-সহ আরও অনেক ভিভিআইপিরা। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হচ্ছে শহর। সেকারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
মূলত যান নিয়ন্ত্রণ করা হবে এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনস্ ওয়ে। এদিন ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি। ওষুধপত্র, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় গাড়ি যাতায়াতের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়ামের ক্ষেত্রেও থাকবে ছাড়পত্র থাকবে। বেশ কয়েকটি রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের রাস্তা এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ ওয়ে, লাভার্স লেনের পাশে গাড়ি পার্কিং করা যাবে না।
ব্রিগেডের নিরাপত্তায় চার হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুরো ব্রিগেডকে ভাগ করা হয়েছে ৩০টি সেক্টরে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে রাখা হয়েছে একজন করে ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্তাকে। তাঁদের সঙ্গে থাকবেন একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এএসআই ও কয়েকজন করে কনস্টেবল। এছাড়াও প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হতে পারে ব্রিগেডে।
