আজকের দিনেবাংলার আয়নাবিশ্বরাজনীতি

Mango Diplomacy : মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য আম পাঠাল ঢাকা, বদলের বাংলাদেশে অব্যাহত ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বদলের বাংলাদেশে অব্যাহত রইল ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ সরকার।

শেখ হাসিনার পতনের পর বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি। পরবর্তী নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন তারেক রহমান। তারেক জমানায় পরিস্থিতির উন্নতি হলেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক নয়। তথাপি অব্যাহত রইল ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’।

মঙ্গলবার বিকেলে যথাক্রমে যশোর জেলার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে ভারতের দুই রাজ্যে আম পাঠাল তারেক রহমান সরকার। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করা হয়েছে।

শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালী ও হাঁড়িভাঙ্গা জাতের আম। সূত্রের খবর, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে ১১০০ কেজি আম। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ করা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ নতুন কিছু নয়। অতীতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠাতেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের বিদায়ের পর বদলে যায় পরিস্থিতি। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে মৌলবাদীরা মাথাচাড়া দেয়। পরবর্তী নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন তারেক রহমান। আগের তুলনায় দুই দেশের সম্পর্কের উন্নতি হলেও পরিস্থিত এখন স্বাভাবিক নয়। তথাপি ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ বজায় রাখল ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *