Debraj Arrested-Purulia : পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী !
কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- তোলাবাজি ও আয় বহির্ভূত সম্পত্তি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাঁকে পাকড়াও করল রাজ্য পুলিশের এসটিএফ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই এই গ্রেপ্তারি।
রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখল ও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে অভিযোগ ওঠে, অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজনের নামে হস্তান্তর করেছেন। নির্বাচনী হলফনামায় অদিতির সম্পত্তি কম দেখানো হয়েছে বলেও অভিযোগ।
গ্রেপ্তারি এড়াতে দম্পতি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেন। গত ২৪ জুন বিচারপতি জয় সেনগুপ্ত চারমাসের শিশুসন্তান থাকায় অদিতির আগাম জামিন মঞ্জুর করেন। তবে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, পাসপোর্ট নিম্ন আদালতে জমা এবং বাগুইআটি থানা এলাকায় না ঢোকার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে খারিজ হয় দেবরাজের আগাম জামিনের আর্জি। আদালত তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়।
উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের বাসিন্দা দেবরাজ যুব তৃণমূল দিয়ে রাজনীতি শুরু করেন। ২০১৩ ও ২০১৫ সালে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন। পরে তৃণমূলে ফিরে আসেন। স্ত্রী অদিতি মুন্সিকে রাজনীতিতে আনেন তিনি। ২০২১ সালে রাজারহাট-গোপালপুর থেকে বিধায়ক হন অদিতি।
হাইকোর্টে জামিন খারিজের পর থেকেই গ্রেপ্তারির আশঙ্কা ছিল। অবশেষে পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে এসটিএফের হাতে ধরা পড়লেন দেবরাজ চক্রবর্তী। ২০২৬ সালের ভোটের আগে রাজারহাট-গোপালপুরে এই গ্রেপ্তারি তৃণমূলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তদন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
