আজকের দিনেতিলোত্তমা

ED : জমি প্রতারণা ও তোলাবাজি মামলা: ৯ ঘণ্টা জেরার পর ইডি-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-জমি প্রতারণা এবং তোলাবাজির মামলায় সোমবার, ১৮ মে গ্রেফতার হলেন সোনা পাপ্পু। পাঁচবার সমন পাঠানোর পর আজ প্রায় ৯ ঘণ্টা জেরা করে তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর বিরুদ্ধে বেআইনিভাবে জমি হাতানো, ভুয়ো দলিল তৈরি এবং প্রভাব খাটিয়ে মোটা টাকা তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এই মামলায় আগেও একাধিকবার তলব করা হয়েছিল তাঁকে। পাঁচবার সমন পাঠালেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সোনা পাপ্পু। এর আগে এই মামলার তদন্তে নেমে সোনা পাপ্পুর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। কলকাতা ও জেলার বেশ কয়েকটি অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, হার্ডডিস্ক ও মোবাইল বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা। বাজেয়াপ্ত নথি থেকে বিপুল অঙ্কের বেআইনি লেনদেনের হদিস মেলে বলে ইডি সূত্রের দাবি।

অভিযোগ, সরকারি জমি ও সাধারণ মানুষের জমি ভুয়ো কাগজ তৈরি করে নামমাত্র দামে কিনে পরে চড়া দামে বিক্রি করতেন সোনা পাপ্পু ও তাঁর সঙ্গীরা। জমি ছাড়তে রাজি না হলে ভয় দেখানো, হুমকি এবং তোলাবাজির অভিযোগও রয়েছে। এই চক্রে আরও কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। সোমবার, ১৮ মে সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সোনা পাপ্পুকে দফায় দফায় জেরা করেন ইডি আধিকারিকরা। লেনদেন সংক্রান্ত নথি দেখিয়ে প্রশ্ন করা হলেও সদুত্তর দিতে পারেননি তিনি। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে প্রায় ৯ ঘণ্টা জেরার পর সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার, ১৯ মে সোনা পাপ্পুকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানাবে ইডি, এমনটাই সূত্রের খবর।

বারবার সমন এড়ানো ও তদন্তে অসহযোগিতার জেরেই শেষপর্যন্ত সোমবার, ১৮ মে গ্রেফতার হলেন সোনা পাপ্পু। এই গ্রেফতারির পর জমি-চক্রের সঙ্গে জড়িত অন্য প্রভাবশালীদের নাম সামনে আসতে পারে বলে মনে করছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *