আজকের দিনেবাংলার আয়না

Railway-Hawker-Canning : ক্যানিং স্টেশনে রেল পুলিশের হকার উচ্ছেদ অভিযান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশন চত্বরে অবৈধ দখলদারির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল রেল পুলিশ ও প্রশাসন। বৃহস্পতিবার সকালে মাইকিং করে সতর্ক করার পর স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও ঘর ভেঙে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে যাত্রী চলাচলে সমস্যা ও নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হল।

রেল সূত্রে জানা গিয়েছে, ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা দখল করে একাধিক অস্থায়ী দোকান ও ঘর তৈরি হয়েছিল। এতে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল এবং নিরাপত্তাজনিত ঝুঁকিও বাড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে রেল পুলিশ, আরপিএফ এবং স্থানীয় প্রশাসন যৌথ অভিযান শুরু করে। অভিযানের আগে মাইকিং করে হকার ও স্থানীয়দের সরে যেতে বলা হয়। তারপর বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা শুরু হয়। অভিযানের সময় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রেলের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। যাত্রী নিরাপত্তা ও স্বচ্ছন্দ চলাচল নিশ্চিত করাই রেল পুলিশের মূল লক্ষ্য। স্টেশন চত্বর দখলমুক্ত হওয়ায় সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *