KMC-FIR : জোড়া চাপে অভিষেক: FIR খারিজ চেয়ে হাই কোর্টে, পাশাপাশি কালীঘাটের বাড়ি নিয়ে পুরসভার নোটিস !
কিউ ইন্ডিয়া বাংলা:-একদিকে হিংসায় উস্কানির অভিযোগে দায়ের হওয়া FIR খারিজের আর্জি, অন্যদিকে কালীঘাটের বাড়ি নিয়ে কলকাতা পুরসভার নোটিস। ভোটের মুখে জোড়া চাপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোট প্রচারের সময় একাধিক মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়ানো ও উস্কানি দেওয়ার অভিযোগে গত ১৫ মে বিধাননগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও ভিডিও ক্লিপ-সহ একাধিক ধারায় অভিযোগ জমা পড়ে।
সেই FIR খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২১ মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিকে কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, কলকাতা পুরসভার ৪০১ ধারায় এই নোটিস দেওয়া হয়েছে। কী কারণে নোটিস, তা এখনও স্পষ্ট না হলেও ভোটের মাঝে এই নোটিস নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ভোটের মরশুমে FIR ও পুরসভার নোটিস, জোড়া অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ মে হাই কোর্টে FIR সংক্রান্ত মামলার শুনানিতে কোনদিকে জল গড়ায়, সেদিকেই নজর সবার। পাশাপাশি পুরসভার নোটিসের জবাব কী দেন তৃণমূল সাংসদ, তা নিয়েও কৌতূহল রাজনৈতিক মহলে।
