আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

ভোটের আগে স্বস্তি, ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানকে গ্রেফতার নয়: হাই কোর্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-ফলতার নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। আগামী ২৬ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে জাহাঙ্গিরকে, স্পষ্ট জানাল আদালত।

সোমবার বিচারপতি সুগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জানায়, এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ৫টি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলির ক্ষেত্রেই এই রক্ষাকবচ মিলবে। আগামী ২৬ মে ফের এই মামলার শুনানি। এদিন শুনানিতে জাহাঙ্গির খানের আইনজীবী অভিযোগ করেন, একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। ৯ বছরের পুরনো ঘটনা নিয়েও মামলা হয়েছে। একদিনে তিনটি মামলা দায়ের হয়েছে বলেও দাবি করেন তিনি। ঠিক কতগুলি মামলা রয়েছে, তা জানানোর আবেদন করেন আইনজীবী।

এই প্রসঙ্গে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদাহরণ টানেন জাহাঙ্গিরের আইনজীবী। বলেন, “সেই সময় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। এখন কেন পাওয়া যাবে না?” পালটা রাজ্যের আইনজীবী যুক্তি দেন, নির্বাচনের দিন জাহাঙ্গির খান ও তাঁর অনুগামীরা ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং ব্যালট বিকৃত করার মতো ঘটনা ঘটিয়েছে। এই কারণেই কমিশন নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের নির্দেশ দিয়েছে।

দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি পর্যবেক্ষণে জানান, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে সুযোগ দিতে হবে। এরপরই ভোট শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গির খানকে রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। প্রসঙ্গত, কয়েকদিন আগে ফলতায় প্রচারে গিয়ে সরাসরি জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের পর দেখে নেওয়ার কথাও বলেন তিনি। এরপরেই গ্রেফতারির শঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা।

আদালতের রক্ষাকবচে আপাতত স্বস্তি পেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তবে ২৬ মে পরবর্তী শুনানিতে মামলার গতিপ্রকৃতি কোনদিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *