৪০ ডিগ্রির দহনে পুড়বে পশ্চিমবঙ্গ! চৈত্রশেষে কালবৈশাখীর ভ্রুকুটি
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: চৈত্র মাসের শেষলগ্নে এসে কার্যত অগ্নিশর্মা রূপ নিচ্ছে আবহাওয়া। কলকাতার আকাশ থেকে শুরু করে জেলা— সর্বত্রই স্বাভাবিকের উপরে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গজুড়ে তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, শনিবারের মধ্যে তা ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে। কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি থাকবে। হাওয়া অফিস বলছে, এই জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে।
রবিবার: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
সোমবার: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গেও শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ফলে সেখানেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। তবে রবিবার থেকে ফের ছবিটা বদলাবে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত পাহাড়ি ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রবিবারের কালবৈশাখীই দক্ষিণবঙ্গের মানুষের কাছে চাতক পাখির মতো প্রতীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
