ভেনেজুয়েলার পর এবার ফিলিপিন্স, জোরালো ভূমিকম্প
কিউ ইন্ডিয়া বাংলা:- ফের ভূমিকম্প। ভেনেজুয়েলার পর এবার কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাওয়ের দ্বীপ। জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আপাতত বিরাট কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে ওই অঞ্চলে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপিন্সে ভূমিকম্পে ৮০ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটে। ফের সেই আতঙ্ককে উসকে দিয়ে কেঁপে উঠল ফিলিপিন্স। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটির ভৌগলিক অবস্থানের কারণে এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যৎপাত দেখা যায়। ভুক্তভোগী দেশের মানুষ। অপরদিকে বৃহস্পতিবার ভোরে ভেনেজুয়েলার পর পর ভূমিকম্পে সেখানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কার্যত বিধবস্ত দেশটি। খোলা আকাশের তলায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভারতের তরফে শুরু হয়েছে ‘অপারেশন আমিস্তাদ’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্তাদ’ শব্দের অর্থ হল ‘বন্ধুত্ব’। বিশেষজ্ঞদের মতে, সাহায্যের হাত বাড়িয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে চায় ভারত। এক্স হ্যান্ডেলে ‘অপারেশন আমিস্তাদ’-নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ বিমান ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ওই বিমানে রয়েছে জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী। রয়েছে মেডিক্যাল টিম।
