Car Accident-Teesta : তিস্তায় তলিয়ে গেল গাড়ি, সিকিম থেকে ফেরার পথে নিখোঁজ একই পরিবারের ৪ সদস্য !
কিউ ইন্ডিয়া বাংলা:- সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় আচমকা ধসের কবলে পড়ে তিস্তা নদীতে তলিয়ে গেল একটি গাড়ি। গাড়িতে ছিলেন একই পরিবারের চার সদস্য। ঘটনার ৩৬ ঘণ্টা পরেও তাঁদের কোনও খোঁজ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিকিম থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই পরিবার। পথে ১০ নম্বর জাতীয় সড়কের কাছে পাহাড়ি রাস্তায় আচমকা ধস নামে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা তিস্তা নদীতে গিয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। NDRF-এর জওয়ানরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
নিখোঁজদের নাম সবিয়া নেওপানে, স্মারিকা নেওপানে, মায়া দাহাল ও শিশু দিতিয়া ছেত্রী। তাঁদের খোঁজে তিস্তায় তল্লাশি চালাচ্ছে NDRF। নদীর তীব্র স্রোত ও ঘোলা জলের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত গাড়ির ব্যাটারি ও কিছু ভাঙাচোরা যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ চারজনের কোনও সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার প্রবণতা বেড়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বারবার ব্যাহত হচ্ছে। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও চারজনের খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। NDRF-এর পাশাপাশি SDRF ও স্থানীয় ডুবুরি দলও তল্লাশি চালাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলে উদ্ধারকাজে গতি আসবে বলে আশা প্রশাসনের।
