আজকের দিনেভারত

MAJOR NAVYA: ইতিহাস গড়লেন নব্যা! প্রথম মহিলা সেনা অফিসার হিসেবে রাষ্ট্রপতির ADC হলেন রাজস্থানের মেজর

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম! রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী বা ADC হিসেবে নিযুক্ত হলেন কোনও মহিলা সেনা আধিকারিক (MAJOR NAVYA)। মেজর নব্যা শেখাওয়াতকে এই গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হল। তিনি দেশের দ্বিতীয় মহিলা যিনি রাষ্ট্রপতির ADC হলেন, তবে সেনাবাহিনী থেকে প্রথম।

রাজস্থানের সিকর জেলার কেরপুরা গ্রামের বাসিন্দা নব্যা (MAJOR NAVYA)। CDS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন তিনি। ২০২১ সালে আর্মি সার্ভিস কর্পসে কমিশন লাভ করেন। লজিস্টিকস, রসদ সরবরাহ এবং পরিবহনের দায়িত্ব সামলানোর মাত্র পাঁচ বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন। ২০২৬ সালের জুলাই মাস থেকেই তিনি রাষ্ট্রপতি ভবনে এই দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে (MAJOR NAVYA)।

এর আগে ২০২৫ সালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন। হরিয়ানার বাসিন্দা যশস্বী ২০১২ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন। সাধারণত সেনা, নৌসেনা ও বায়ুসেনা থেকে মেজর বা সমমর্যাদার তরুণ অফিসারদেরই এই দায়িত্ব দেওয়া হয়। একজন ADC রাষ্ট্রপতি এবং সরকারের বিভিন্ন বিভাগ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষা করেন, দাপ্তরিক আনুষ্ঠানিকতা, প্রোটোকল, বৈঠক ও কর্মসূচিতে সহায়তা করেন এবং রাষ্ট্রপতির দৈনন্দিন সময়সূচি পরিচালনা করেন।

 

মেজর নব্যা শেখাওয়াতের এই নিয়োগ নিঃসন্দেহে ঐতিহাসিক। সেনাবাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সমগ্র দেশের তরুণীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন নব্যা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *