Love Triangle : ত্রিকোন প্রেমের জেরে খুন? ৬ দিন পর খাল থেকে উদ্ধার যুবকের দেহ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ। ৬ দিন নিখোঁজ থাকার পর হুগলির ধনিয়াখালির মাকালপুরে একটি খাল থেকে উদ্ধার হল যুবক সূর্যকান্ত মাঝির মৃতদেহ। ঘটনায় প্রেমিকা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়াখালি থানার মির্জানগর গ্রামের বাসিন্দা সূর্যকান্ত মাঝি (২১) গত ১৯ জুলাই সন্ধ্যায় শিবাই চন্ডী স্টেশন যাবে বলে বাড়ি থেকে বের হয়। শেষবার তাকে দাদপুর থানার মাকালপুর গ্রামের রাহুল রায়ের সঙ্গে দেখা গিয়েছিল।
পরিবার ও গ্রামবাসীদের দাবি, ওই দিন সূর্যকান্ত, রাহুল ধারা ও গোবিন্দ খাঁ তিনজনে একসঙ্গে মদ-মাংস খায়। সন্ধ্যায় সূর্যকান্ত বাড়ি ফিরে যায়। পরে আবার বারমুডা ও গামছা পরে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গ্রামেরই এক বিধবা তরুণী সুমনা কোটালের সঙ্গে সূর্যকান্তের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তরুণীর স্বামী মারা যাওয়ার পর সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু এর মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা গোবিন্দ খাঁ ওরফে রাহুল। সিঙ্গুরের মির্জাপুরে একটি ছাতা কারখানায় কাজের সূত্রে তাদের আলাপ।
নিখোঁজের পরের দিনই ধনিয়াখালি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ প্রেমিকা সুমনা সহ আরও ২ জনকে গ্রেফতার করে ৯ দিনের পুলিশ হেফাজতে নেয়।
শেষবার সূর্যকান্তকে দেখা গিয়েছিল মাকালপুরের একটি কচুরিপানায় ঢাকা খালের পাশে। সেখানে তার জুতো উদ্ধার হয়। এরপর স্নিফার ডগ, ড্রোন ও ডিজাস্টার টিম নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে শনিবার ওই খাল থেকেই উদ্ধার হয় সূর্যকান্তের মৃতদেহ।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ত্রিকোন প্রেমই খুনের কারণ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্তে ধনিয়াখালি ও দাদপুর থানা যৌথভাবে কাজ করছে।
