Squash-Anahat Singh : স্কোয়াশে ইতিহাস: ভারতের প্রথম বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন অনাহত সিং !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- শেষ সুযোগেই ইতিহাস। কানাডার অন্টারিওতে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মিশরের রুকাইয়া সালেমকে হারিয়ে সিঙ্গেলসে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলেন দিল্লির ১৮ বছরের অনাহত সিং। জুনিয়র সার্কিটে এটাই ছিল তাঁর শেষ প্রতিযোগিতা।
ফাইনালে অনাহত জিতলেন ১-৩, ১-৭, ১-৯ ব্যবধানে। ট্রফি হাতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বলেন, “এই জয় আমার কাছে গোটা পৃথিবীর সমান। এখনও মনে হচ্ছে, যেন স্বপ্ন দেখছি।”
গত চার বছর ধরে বিশ্ব জুনিয়রে কোয়ার্টার বা সেমি থেকেই থেমে যেতে হয়েছে তাঁকে। সেই আক্ষেপের কথা মনে করিয়ে অনাহত বলেন, “এই প্রতিযোগিতা যেন আমার কাছে অভিশাপ ছিল। এখানে কখনও নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। এটাই শেষ সুযোগ ছিল। তাই চাপ না নিয়ে শুধু নিজের খেলাটাই খেলতে চেয়েছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।”
ভারতীয় স্কোয়াশের এই সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সাইরাস পোঁচা। তাঁর কথায়, “এটি ভারতীয় স্কোয়াশের ইতিহাসে এক মাইলফলক। অনাহতের সামনে আরও অনেক বড় সাফল্যের দরজা খোলা।” প্রয়াত এন. রামচন্দ্রনের স্বপ্নের কথাও মনে করান তিনি – “ভারত একদিন ব্যক্তিগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন দেবে”।
জুনিয়র পর্ব শেষ। বিশ্বজয়ের মুকুট পরে এবার অনাহতের লক্ষ্য সিনিয়র সার্কিট। ১৮ বছরের এই জয় ভারতীয় স্কোয়াশের নতুন অধ্যায়ের সূচনা করল।
